
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ ডিসেম্বর ২০২৫। সেদিন আবুধাবিতে বসেছিল আইপিএল মিনি নিলাম (IPL Auction 2026)। ওপেনিং সেটেই একেবারে+ বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Rider)। চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলীয় তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নিয়ে চমকে দিয়েছিল। ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বাজার করতে আসা ভেঙ্কি মাইসোররা (Venky Mysore), গ্রিনকে নিতেই খরচ করে ফেলেছিল আকাঁশছোওয়া ২৫.২০ কোটি টাকা। তিনবারের চ্যাম্পিয়ন টিম তাক লাগিয়ে দিয়েছিল। কাট-টু ২০২৬। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটারকে কেন্দ্র করেই তুমুল বিতর্ক বেঁধেছে। রীতিমতো ঝড় উঠে গেল ভারতীয় ক্রিকেটে।
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স: গত ২৯ মার্চ রবিবার ওয়াংখেড়েতে চলতি আইপিএলের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর ও এমআই। ২২০ রান করেও কেকেআর মুম্বইয়ের কাছে ৬ উইকেটে হারে। কেকেআরের ওপেনিং জুটি রোহিত শর্মা ও রায়ান রিকলটন, নাইট বোলারদের বেদম প্রহার দিয়েছিলেন। ৭১ বলে প্রথম উইকেটে ১৪৮ রান উঠে গিয়েছিল। বৈভব আরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগীরা যখন ওভাবে মার খাচ্ছিলেন, তখন কেন কেকেআর গ্রিনকে দিয়ে বল করাল না! অথচ তিনে তো ব্যাট করতে নেমেছিলেন তিনি। ১০ বলে ১৮ রানও করেছিলেন। খেলার শেষ বোম ফাটিয়ে ছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাঁর কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন বল করলেন না গ্রিন? রাহানে বলেছিলেন, ‘এই প্রশ্ন ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত?’
ক্রিকেট অস্ট্রেলিয়ার উত্তরে ঝড়: ক্রিকেট অস্ট্রেলিয়া অবশেষে এই বিতর্কে মুখ খুলেছে। তারা জানিয়েছে যে, পিঠের নীচের অংশের চোটে কাবু গ্রিন এবং স্বল্প সময়ের জন্য তিনি বোলিং করতে পারবেন না। পাশাপাশি গ্রিনের বোর্ড এও জানিয়েছে যে, এই পুরো বিষয়টি সম্পর্কে কেকেআর আগে থেকেই অবগত ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘ক্যামেরনের পিঠের নীচের দিকে একটা চোট রয়েছে। বর্তমানে সেই চোটের চিকিৎসা ও পরিচর্যা চলছে, তবে এর কারণে তাঁকে অল্প সময়ের জন্য বোলিং করা থেকে বিরত থাকতে হবে। ক্যামেরন বর্তমানে ভারতেই বোলিং অনুশীলন করে ধীরে ধীরে লোড নিচ্ছেন, যাতে আগামী ১০-১২ দিনের মধ্যেই ও ফের বোলিংয়ে ফিরতে পারেন। কেকেআরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে এবং তারা এই তথ্য সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত।’
অলরাউন্ডার গ্রিন নিলামে ব্যাটার: টি-২০ বিশ্বকাপ এবং শেফিল্ড শিল্ডের ম্যাচেও গ্রিন বল করেননি। এই কারণেই অলরাউন্ডার হওয়া সত্ত্বেও আইপিএল নিলামে গ্রিন নিজেকে ব্যাটার হিসেবেই তালিকাভুক্ত করেছিলেন। তবে তিনি পরবর্তীতে স্পষ্ট করেন যে, বোলিং করার মতো শারীরিক সক্ষমতা তাঁর রয়েছে এবং নিলামে ব্যাটার হিসেবে তালিকাভুক্ত হওয়াটা মূলত তাঁর ম্যানেজারের ভুলেই। গ্রিন বলেছিলেন, ‘আমি বল করার জন্য পুরোপুরি প্রস্তুত। মি জানি না আমার ম্যানেজার এই কথা শুনে খুশি হবেন কি না, তবে সত্যি বলতে ভুলটা আসলে তাঁর দিক থেকেই হয়েছিল। তিনি আমাকে ব্যাটার হিসেবে উল্লেখ করতে চাননি। আমার মনে হয়, ভুলবশত তিনি হয়তো অন্য একটি অপশন বা বক্স নির্বাচন করে ফেলেছিলেন। পুরো ঘটনাটি যেভাবে সামনে এসেছে তা বেশ মজার, তবে আদতে ভুলটা তাঁর দিক থেকেই হয়েছিল।’
২৫ কোটির তারকাই কেকেআরের প্রতারক? এদিকে সোশ্যাল মিডিয়ায় কেকেআর ভক্তরা গ্রিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। তাঁদের ধারণা, গ্রিন আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়েই নিজেকে একজন ব্যাটার হিসেবে নিলামে নিবন্ধন করিয়েছিলেন। যা তাঁকে আইনি ভাবে এক নিরাপদ অবস্থানে রেখেছে। এর ফলে তিনি যদি বল করতে অস্বীকৃতি জানান, তবে কেকেআর তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। অন্যদিকে কেউ কেউ কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে! কেন দল গ্রিনের পিছনে এত বিপুল অর্থ ব্যয় করল, যখন আগেই জানানো হয়েছিল যে আসন্ন আইপিএলে তিনি বল করতে পারবেন না। এখন দেখার বিষয় হল, গ্রিন যদি বল না করেন, তবে কেকেআর কি তাঁকে পরের খেলায় দলে রাখবে নাকি তাঁর পরিবর্তে এক বিশেষজ্ঞ ব্যাটারকে খেলানোর সিদ্ধান্ত নেবে!
(Feed Source: zeenews.com)
