মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ঘোষণা বিজেপি-র, কী পাবে পশ্চিমবঙ্গ?

মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ঘোষণা বিজেপি-র, কী পাবে পশ্চিমবঙ্গ?
তিরুঅনন্তপুরম: বিধানসভা নির্বাচনের আগে কেরলে কল্পতরু বিজেপি। মঙ্গলবার সেখানে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তারা, তাতে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি, বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে সকলকে। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে কেরল বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। তাই পশ্চিমবঙ্গের জন্য কী ঘোষণা করবে বিজেপি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (BJP Manifesto in Kerala)

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরমে ইস্তেহারটি প্রকাশ করে গেরুয়া শিবির। সেখানে একাধিক জনমোহিনী প্রস্তাব রয়েছে। (Kerala Assembly Elections 2026) বলা হয়েছে-

১) কেরলে বিজেপি ক্ষমতায় এলে দারিদ্রসীমার সীমার নীচে থাকা পরিবারের মহিলারা মাসে ২৫০০ টাকা করে পাবেন। 

২) ওই সব মহিলাকে ‘ভক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড’ (Bhakshya Arogya Suraksha Card) দেওয়া হবে, তার মাধ্যমেই আর্থিক সাহায্য় মিলবে। 

৩) পাশাপাশি, বিধবারা মাসে মাসে পাবেন ৩০০০ টাকা করে। দরিদ্র পরিবারের প্রধান হিসেবে মহিলারাও ৩০০০ টাকা করে পাবেন। পাশাপাশি ৭০ বছরের ঊর্ধ্বে সকলকে ৩০০০ টাকা করে দেওয়া হবে। 

৪) বছরে দু’টি করে LPG সিলিন্ডার দেওয়া হবে অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারগুলিকে, ওনাম এবং ক্রিসমাসের সময়। 

৫) প্রত্যেক বাড়িতে বিনামূল্যে ২০০০০ লিটার জল পৌঁছে দেওয়া হবে। কেরলে প্রতিষ্ঠা হবে AIIMS-এর। 

৬) পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তিরুঅনন্তপুরম  এবং কান্নুরকে হাইস্পিড রেল করিডরের মাধ্যমে জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তিরুঅনন্তপুপরম এবং কোঝিকোড় পর্যন্ত বাড়ানো হবে মেট্রো পরিষেবা। কোচি মেট্রোর কাজ সম্পূর্ণ হবে। Vizhinjam বন্দরটিকে শিল্প হাবে পরিণত করা হবে, থাকবে রেল যোগাযোগ এবং অর্থনৈতিক করিডর।

৭) মন্দির প্রশাসনে সংশোধন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। দেবস্বম বোর্ডে রাখা হবে পুণ্যার্থীদের। শবরীমালার মতো ধর্মস্থানগুলিকে রক্ষার পাশাপাশি, সেখান থেকে সোনাচুরির যে অভিযোগ, তাতে CBI তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। 

৮) ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় সকলের জন্য স্বাস্থ্যবিমা, বাছাই করা ফসলের ন্যায্য মূল্য, আগামী পাঁচ বছরের মধ্যে অপশনাল ইংরেজি মিডিয়াম স্কুল তৈরির কথাও জানিয়েছে। 

৯) কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত ইনসেন্টিভ স্কিম চালু করার কথাও জানিয়েছে বিজেপি। তার আওতায় ১ লক্ষ টাকা করে দেওয়া হবে ব্যবসায়ীদের, যাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হয়। তিরুঅনন্তপুরমকে IT এবং Innovation হাব হিসেবে গড়ে তোলা হবে। ত্রিশূরকে কেরলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি। কান্নুর হয়ে উঠবে ডিফেন্স ইনোভেশন হাব।

আগামী ৯ এপ্রিল বিধানসভা নির্বাচন কেরলে। ফলঘোষণা ৪ মে। ওই একই দিনে ফলঘোষণা পশ্চিমবঙ্গে। এবারে পশ্চিমবঙ্গেও সরকার গড়তে মরিয়া বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৭৭ আসনে জয়ী হবেন তাঁরা। তাই কেরলের মতো পশ্চিমবঙ্গে বিজেপি-র নির্বাচনী ইস্তেহারেও চমক থাকবে বলে মনে করা হচ্ছে। 

(Feed Source: abplive.com)