জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সেই ভয়াবহ দুর্ঘটনা টলিউডের অন্দরে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা আবারও সামনে এনে দিয়েছে। রাহুলের মৃত্যুতে শোকাতুর টলিপাড়া এবার একজোট। শুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আর এই টালমাটাল পরিস্থিতির মাঝেই এক অনন্য নজির গড়লেন অভিনেতা জীতু কমল।
মঙ্গলবার থেকে শুটিং বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছিলেন ইন্ডাস্ট্রির দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা টেকনিশিয়ানরা। কাজ না থাকলে তাঁদের অন্নসংস্থান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই কঠিন সময়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন জীতু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন টলিপাড়ায় ক্যামেরা বন্ধ থাকবে, ততদিন তাঁর ইউনিটের টেকনিশিয়ানদের প্রতিদিনের পারিশ্রমিক তিনি নিজে দেবেন। টলিউডের ইতিহাসে এমন সিদ্ধান্ত বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
জীতু বরাবরই স্পষ্টবক্তা। সম্প্রতি নিজের এক পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানিয়েছিলেন, একটি সিনেমার শুটিংয়ে তিনিও মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। কিন্তু সেই সময় আর্টিস্ট ফোরাম বা অন্য কেউ তাঁর পাশে দাঁড়ায়নি। সেই প্রতিবাদের ভাষা হিসেবেই তিনি নিজের ছবিতে মালা দিয়ে এক প্রতীকী প্রতিবাদ জানিয়েছিলেন। অনেকে বিষয়টিকে ‘সার্কাস’ বা ‘পাবলিসিটি স্টান্ট’ বললেও জীতু পিছু হঠেননি।
এবারের সিদ্ধান্ত প্রসঙ্গে জীতু ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখেন, “আমি খাব তুমি থাকবে অভুক্ত এটা তো হতে পারে না।” তিনি আরও যোগ করেন যে, তিনি কোনো কুবেরের সন্তান নন, তবে তাঁর বাবা-মা শিখিয়েছেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। তাঁর কথায়, “যতটুকু আমি অর্জন করছি তার মধ্যে থেকে আমি এইটুকু আমার পরিবারকে (টেকনিশিয়ানস) দিতে পারব।” জীতু মনে করেন, সহকর্মীদের মুখে হাসি ফোটানো যদি ‘পিআর স্টান্ট’ হয়, তবে তিনি এমন প্রচার বারবার করতে রাজি।
জীতুর এই পদক্ষেপে উচ্ছ্বসিত ও আপ্লুত টেকনিশিয়ানরা। এক ভিডিওতে তাঁরা অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। টলিউডের এই সংকটের দিনে যখন নিরাপত্তার অভাব নিয়ে চারদিকে ক্ষোভ, তখন জীতুর এই মানবিক হাত বাড়িয়ে দেওয়া ইন্ডাস্ট্রির কর্মীদের নতুন করে বাঁচার অক্সিজেন জোগাচ্ছে। জীতু পরিষ্কার করে দিয়েছেন, আজ তিনি পাশে দাঁড়াচ্ছেন, আর কাল যদি তাঁর উপার্জন বন্ধ হয়, তবে এই টেকনিশিয়ানদের কাছেই তিনি ভাত-ডালের আবদার করবেন। এই ভাতৃত্বের বন্ধনই এখন টলিউডের নতুন আলোচনার বিষয়।
(Feed Source: zeenews.com)
