Rahul Arunoday Banerjee Death: টলিউডে ভূমিকম্প: রাহুলের অপমৃত্যুর দায়ে সম্পুর্ণ নিষিদ্ধ লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্য়াজিক মোমেন্টস’

Rahul Arunoday Banerjee Death: টলিউডে ভূমিকম্প: রাহুলের অপমৃত্যুর দায়ে সম্পুর্ণ নিষিদ্ধ লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ম্য়াজিক মোমেন্টস’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারি বিচ, দীঘা। ভোলে বাবা পার করেগা। জলে ডুবে অভিনেতা রাহুলের অকাল মৃত্যু। টলিপাড়া, কর্মবিরতি। আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ান। ম্যাজিক মোমেন্টস, লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই টুকরো  টুকরো শব্দগুলো বেশ কিছুদিন ধরে আকাশে বাতাসে ঘুরছে। থমথমে মুখ টলিপাড়ার।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড। শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর দিকে।

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মঙ্গলবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল স্টুডিও পাড়া, আর্টিস্ট ফোরাম। সাংবাদিক বৈঠকে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, দেব,ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক-সহ অভিনেতা ও কলাকুশলী ও শিল্পীরা আপাতত এই প্রযোজনা সংস্থা এবং ক্রিয়েটিভ হেড লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এক কথায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে নির্বাসিত হল ম্যাজিক মোমেন্টস।

স্টুডিওতে তালা, কর্মবিরতিতে শিল্পীরা

মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ার প্রতিটি স্টুডিওতে ঝুলছে তালা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে গিয়েছেন শিল্পীরা। আর্টিস্ট ফোরামের ডাকে এদিন টেকনিশিয়ানস স্টুডিওতে ভিড় জমান অভিনেতা ও কলাকুশলীরা। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সবচেয়ে বড় খবরটি হলো, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর সাথে কাজ বয়কটের ডাক। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে লীনা গঙ্গোপাধ্যায় বা প্রযোজনা সংস্থার কোনো প্রতিনিধিকে দেখা না যাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শুটিং করতে গিয়ে সমুদ্রের নোনা জলে প্রাণ গেল এক তরতাজা অভিনেতার। এই ঘটনাই যেন টলিউডের অন্ধকার দিকটি উন্মোচিত করে দিল। প্রশ্ন উঠেছে—শিল্পীদের নিরাপত্তা কোথায়? সমুদ্রের গভীরে বা ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিংয়ের সময় কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না? ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানান, ‘নিরাপত্তা ছাড়া কাজ করা সম্ভব নয়। আমরা চাই না কাজ বন্ধ হোক, কিন্তু সুরক্ষা না থাকলে কাজ চালিয়ে যাওয়াও অসম্ভব।’

ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সেফটি প্রোটোকল বা SOP তৈরির চেষ্টা চলছে, কিন্তু বারবার বাধা আসায় তা বাস্তবায়িত হয়নি। এর আগেও শর্ট সার্কিটে টেকনিশিয়ানের মৃত্যু বা উঁচু থেকে পড়ে গিয়ে হাড় ভেঙে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রতিবার দুর্ঘটনার পরই কেন টনক নড়বে প্রশাসনের, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

এসওপি-র দাবি

এদিন ৭ এপ্রিলের বৈঠকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একযোগে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের কাছে দাবি জানিয়েছে যে, অবিলম্বে কাজের জায়গায় স্পষ্ট সুরক্ষা বিধি চালু করতে হবে। ইম্পাও (IMPPA) এই উদ্যোগে সম্মতি জানালেও মূল অভিযুক্ত প্রযোজনা সংস্থার অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বরূপ বিশ্বাসের মতে, এটি কোনো ‘বল পাসিং গেম’ নয়; শিল্পী ও কলাকুশলীদের জীবন রক্ষার দায়িত্ব চ্যানেল, প্রযোজক এবং সংগঠন—সবার যৌথ দায়বদ্ধতা।

রাহুলের মৃত্যু কেবল শোক নয়, টলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ পরিকাঠামোর ত্রুটির এক জ্বলন্ত প্রমাণ। যতক্ষণ না পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে সন্তোষজনক উত্তর দিচ্ছে, ততক্ষণ শিল্পীদের এই অসহযোগিতা বা বয়কট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। একদিন কাজ বন্ধ হওয়া মানে কয়েক হাজার মানুষের রুজিরুটি থমকে যাওয়া, তবুও প্রাণের বিনিময়ে আর কোনও শ্যুটিং করতে রাজি নন বাংলার শিল্পী সমাজ। টলিপাড়ার এই মেঘ কবে কাটল, তবে বিরাট সিদ্ধান্ত নিয়েই। নির্বাসিত লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা আঞ্চলিক ও জাতীয় স্তরেও।

(Feed Source: zeenews.com)