)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কপাল বটে! পুরো ঘটনা জানার পর আপনিও বলতে বাধ্য হবেন। প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে পারাই পরম সৌভাগ্যের। সেখানে আবার আইকনের হাত থেকেই নতুন স্মার্টফোন পাওয়া! এ তো ডাবল জ্যাকপট। ঠিক এমন ঘটনারই সাক্ষী হলেন কদমপাঝিপুরমের বাসিন্দা শাবারীশ। তাঁর দিনটাই বদলে দিলেন কেরলমের নায়ক তথা ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)।
ঠিক কী ঘটল ভক্তের সঙ্গে?
সঞ্জু চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার ফাঁকে একটু সময় বার করেছিলেন। তিনি গাড়ি চালিয়ে কোঝিকোড় থেকে কোয়েম্বাটুর যাচ্ছিলেন। বিকেল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ ভিডিয়ো কল করার জন্য গাড়ি থামান খানিকক্ষণ। সেই সময় কদমপাঝিপুরমের কেবল টেকনিশিয়ান শাবরীশ তাঁর বন্ধু মানিকন্দনের সঙ্গে মাঙ্গালানকুন্নুরের কাছের একটি মাঠে ক্রিকেট খেলতে যাচ্ছিলেন। রাস্তার ধারে পার্ক করা গাড়ির ভিতরে পরিচিত মুখ দেখে তাঁদের মনে বেশ কৌতুহল জাগে। দু’জনেই কাছে গিয়ে ভালো করে দেখেন এবং বুঝতে পারেন, আরে এ যে তাঁদের রাজ্যেরই পরম প্রিয় সঞ্জু। আর প্রিয় ক্রিকেটারকে একেবারে হাতের নাগালে একাকী পেয়ে শাবারীশ সেলফির লোভ সামলাতে পারেননি। সঞ্জুকে সেই আবদার জানান শাবারীশ। সিএসকে স্টার তাঁকে হাত দেখিয়ে জানান যে, ফোনটা সেরে নিয়েই তিনি সেলফি তুলবেন।
সেলফি তুলতে গিয়েই প্রাপ্তি
এবার যখন সেলফি তোলার সময় আসে, তখন সঞ্জু দেখেন যে, ভক্তের ফোনের ডিসপ্লে নষ্ট। চলে এসেছে লম্বা লম্বা গ্রিন লাইন। শাবারীশ বলেন যে, সফটওয়্যার ইস্যুর কারণেই এমনটা হয়েছে। সঞ্জু এরপরেই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে, শাবারীশকে নিয়ে যান স্থানীয় একটি মোবাইলের দোকানে। তারপর তাঁর হাতে তুলে দেন একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। এই ঘটনা এক্স পোস্টে শেয়ার করেছেন দীপু নামের এক ইউজার। আর তাঁর পোস্টের পরেই সঞ্জুর মহানুভবতার ঘটনা ভাইরাল হয়ে যায়। এরপর সেই নতুন ফোনেই সেলফি তোলেন সেই ভক্ত।
সঞ্জু তাঁর ভক্তকে কী ফোন কিনে দিলেন?
সঞ্জু ভক্তের হাতে তুলে দিয়েছেন টেকনো কোম্পানির Pova Curve 2 5G। ভক্তের হাতে ধরা ফোনের বক্সেই এই মডেলের উল্লেখ রয়েছে। Flipkart এই ফোন বিক্রি করছে। 128 GB + 8 GB ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। 256 GB + 8 GB ভ্যারিয়েন্টের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। এই মডেল রয়েছে তিন রঙের- মেলটিং সিলভার, মিস্টিক পার্পল ও স্টর্ম টাইটেনিয়াম। টেকনোর দামি এটাই ‘বিশ্বের স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে স্মার্টফোন’। 8000 mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে। ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP + 2MP, সেকেন্ডারি ক্যামেরাটি 13MP Front Camera। 15x ডিজিটাল জুমের সঙ্গে ডুয়াল এলইডি ফ্লাশ রয়েছে। ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ (৬এনএম) চিপসেট প্রসেসর।
April 8, 2026রাজস্থান ছেড়ে চেন্নাই সুপার কিংসে
আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড (লেনদেনের) হয়েছে এই বছরই। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস অংশ নিয়েছে যেখানে। রাজস্থানের প্রাক্তন নেতা সঞ্জু রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে আসেন। রবীন্দ্র জাদেজা চেন্নাই ছেড়ে রাজস্থানে আসেন। উইকেটকিপার-ব্যাটার হলুদ জার্সিতে এখনও ছাপ ফেলতে পারেননি। প্রথম তিন ম্যাচে তাঁর রান ৬, ৭ ও ৯। তাঁর ব্যাটে রান না আসার প্রভাব পড়েছে চেন্নাইয়ের পারফরম্যান্সেও। দলটিও এখনও এই মরসুমে জয়ের মুখ দেখেনি। টানা তিন ম্যাচই হেরেছে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সঞ্জুকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। তাই তিনি দ্রুত ছন্দে ফিরতে মরিয়া। কারণ এখন চেন্নাই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে।
(Feed Source: zeenews.com)
