পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!

পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
  • অভিনেত্রী মোহনা মাইতি পরমব্রতর পরিচালনায় ‘রক্তফলক’ ওয়েব সিরিজে আসছেন।
  • শাশ্বত চট্টোপাধ্যায় আগমবাগীশ, অর্জুন চক্রবর্তী বর্জ্রকেতু এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায় মায়ারানির চরিত্রে।
  • সিরিজটি ১ মে থেকে হইচই-তে দেখা যাবে, মোহনা তিতলির ভূমিকায় অভিনয় করছেন।
  • গল্পে দেখানো হয়েছে শাশ্বত এক তন্দ্রসিদ্ধ পন্ডিত, অর্জুন অভিশপ্ত বর্জ্রকেতু।

কলকাতা: ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maiti)। এর আগে একাধিক ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। আর এবার, নতুন সফর শুরু করতে চলেছেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায়, হইচই (Hoichoi)-তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘রক্তফলক’। অভীক সরকারের গল্প অবলম্বনে এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন, শান্তনু মিত্র নিয়োগী। মুখ্যচরিত্রে অভিনয় করছেন, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তাঁকে দেখা যাবে আগমবাগীশের ভূমিকায়। অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) থাকছেন বর্জ্রকেতুর ভূমিকায়। কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) থাকছেন মায়ারানির ভূমিকায়। মোহনা মাইতিকে দেখা যাবে তিতলির ভূমিকায়।

এর আগে, পরমব্রতর পরিচালনায় ‘ভোগ’ ওটিটিতে সাফল্য পেয়েছিল। সেই সিরিজই সাহস যুগিয়েছে, ‘রক্তফলক’-কে নিয়ে আসার। এই সিরিজে আগমবাগীশের ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে। তিনি একজন তন্দ্রসিদ্ধ পন্ডিত। বিশ্বাস আর নিষিদ্ধ জ্ঞানের সূক্ষ্ম সীমানায় হেঁটে চলেন তিনি। গভীর অন্তর্দৃষ্টি থাকলেও সেই জ্ঞান সর্বসমক্ষে প্রকাশ্যে আনতে চান না তিনি। কিন্তু তাঁর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি না চাইতেই এমন সমস্ত বিষয় দেখে ফেলেন, যেগুলি তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে। একটি ঘটনার মধ্যে পড়ে তিনি উপলদ্ধি করেন, এই ঘটনা নতুন নয়, এটা একটা ঘটনার পুনরাবৃত্তি।

এই ছবিতে অর্জুনকে দেখা যাবে বর্জ্রকেতুর ভূমিকায়। তিনি টেনিয়া নামেও পরিচিত। টেনিয়া এমন একটা চরিত্র যে ভীষণ পরিশীলিত, পরিপাটি। যাঁকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে মানুষ। তার চেহারা, সুমিষ্ট থা এই সমস্তকিছু দিয়ে টেনিয়া খুব সহজে আকর্ষণ করে নিতে পারে তরুণী মেয়েদের। তবে তার এই মুখোশের আড়ালেই রয়েছে তার এক নগ্ন বীভৎস রূপ। যখনই কেউ তার নাগালের মধ্যে চলে আসে, তখনই টেনিয়া হয়ে ওঠে দানবীয়। গল্প যত এগোয়, ততই প্রকাশ পায় যে, টেনিয়া আসলে মানুষ নয়। সে অতীতের একটা অভিশাপের অংশ। শতাব্দীর পর শতাব্দী, যে একটা অভিশাপ, একটা ভয়াল স্মৃতি বহন করে নিয়ে চলে।

মায়ারানি হল অতীতের এক শুভশক্তি। যিনি একজন মা, কিন্তু তিনি তাঁর সন্তানকে নিয়ে আতঙ্কিত। মায়ারানি আসলে এই টেনিয়ার মা। খুব অল্প বয়স থেকেই মায়ারানি বুঝতে পারে, টেনিয়া স্বাভাবিক সুস্থ নয়। প্রাণীদের প্রতি নৃশংসতা, অস্বস্তিকর দৃষ্টি, সমস্ত বিষয়ে অযাচিত কৌতুহল..এগুলি ছিল মায়ারানির কাছে উৎবেগজনক। সন্তানকে সৎ পথে নিয়ে আসার জন্য, তাঁর চেষ্টা অনর্গল। তিনি চেষ্টা করেন টেনিয়াকে নিয়ন্ত্রণে রাখতে, পথ দেখাতে, তাঁকে যেমন নিজের কাছ থেকে, তেমনই পৃথিবীর কাছ থেকেও আড়াল করতে।

তিতলি অভিনয় করছেন মোহনার চরিত্রে। একজন অল্পবয়সী তরুণী যে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট। সেখানেই তার আলাপ হয়, স্যামের সঙ্গে। তিতলি জানতে পারেন না, স্যামই আসলে টেনিয়া। তিতলি বুঝতে পারে না যে সে কীভাবে একটা বিশ্বাসঘাতকতার ফাঁদে জড়িয়ে পড়ছে। শুধু নিজে নয়, নিজের ছোট বোনেদের ও এই বিপদে জড়িয়ে ফেলে তিতলি।

মে মাসের ১ তারিখ থেকেই হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজটি।

(Feed Source: abplive.com)