
- প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন, শিল্পীদের সুরক্ষার দাবিতে উত্তাল টলিউড।
- অভিনেতা জিতু কমল রাহুলের মৃত্যুতে প্রতীকী প্রতিবাদ জানান।
- জিতু টেকনিশিয়ানদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে পাশে দাঁড়ান।
- জিতু নিজের ছবিতে মালা দিয়ে প্রতীকী প্রতিবাদ করেন।
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরেই প্রতিবাদে উত্তাল হয়েছিল টলিউড। প্রযোজনা সংস্থার দিকে কার্যত গোটা আঙুল তুলেছে। শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-এর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত করেছেন টলিউডের কলাকুশলীরা। রাহুলের মৃত্যুর পরে যে পরস্পর-বিরোধী বক্তব্য উঠে এসেছে, তা একদিকে যেমন বিভ্রান্তি বাড়িয়েছে, আরেকদিকে তৈরি করেছে বিরক্তি! গোটা টলিউড, সাধারণ মানুষ জানতে চায়, কীভাবে অকালে চলে যেতে হল রাহুলকে? আর্টিস্ট ফোরামের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না প্রযোজনা সংস্থার তরফ থেকে রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানানো হচ্ছে, ততক্ষণ ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না। এই মিটিংয়ের আগে, আর্টিস্ট ফোরামের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, যতক্ষণ না শিল্পীদের সুরক্ষা নিয়ে SOP তৈরি হবে, ততক্ষণ টলিউডে কাজ বন্ধ থাকবে। যদিও পরেরদিনই মিটিং হওয়ার পরে সেই কর্মবিরতি উঠে যায়।
রাহুলের মৃত্যুর পরে, জিতুর প্রতীকী প্রতিবাদ
রাহুলের মৃত্যুর পরে, অভিনব প্রতিবাদ করেছিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। সম্প্রতি একটি ছবিতে কাজ করতে গিয়ে, কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন জিতু। তাঁর অভিযোগ, সেই সমস্যা নিয়ে তিনি আর্টিস্ট ফোরামের কাছে গেলেও, ঘটনার কোনও বিহিত হয়নি। জিতুর এদিন স্টুডিওতে রাহুলের সিনেমার পাশাপাশি, নিজের ছবিতেও মালা দিয়ে প্রতীকী প্রতিবাদ করেছিলেন। রাহুলের ছবির পাশাপাশি নিজের ছবিতেও মালা দিয়ে প্রতিবাদ করেন জিতু। তিনি বলেন, তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হলে, হয়তো আজ বেঁচে থাকতেন রাহুল ও!
আর্থিক সাহায্যের আশ্বাস জিতুর
এরপরে টলিউডে যখন কর্মবিরতি ঘোষণা হয়, সেই সময়ে জিতু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, কর্মবিরতি মানেই টেকনিশিয়ান্সদের কাজ বন্ধ হয়ে যাওয়া। তাই জিতু জানিয়েছিলেন, যতদিন কর্মবিরতি চলবে, তিনি টেকনিশিয়ান্সদের আর্থিকভাবে সাহায্য করবেন। জিতু পাশাপাশি জানিয়েছিলেন, তিনি ধারাবাহিকে অভিনয় করছেন, ফলে তিনি মাস মাইনে পান। কিন্তু যাঁরা দৈনিক রোজগার করেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াতে চেয়েছিলেন জিতু। যদিও, ১ দিনের বেশি কর্মবিরতি চলেনি। তবে আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জিতু। সেখানে তিনি জানিয়েছেন যে, তিনি একজন টেকনিশিয়ান্সকে অর্থ সাহায্য করেছেন। সেই চেকের ছবি পোস্ট করেছেন জিতু।
জিতুর পোস্ট
আজ সোশ্যাল মিডিয়ায় একটি চেকের ছবি পোস্ট করে জিতু লিখেছেন, ‘যারা আমার প্রতীকী প্রতিবাদকে বলেছিলেন, ”জিতুর প্রতিবাদ করা উচিত হয়নি, সময়-জ্ঞান নেই” । আরও অনেক রকমের কটাক্ষ করেছিলেন/করছেন তাদের বলছি একদিনের জন্যে টেকনিশিয়ানের পাশে দাঁড়ানো এটা নিশ্চয়ই আপনি সৎ প্রয়াস বলে বিবেচনা করবেন। তাহলে আপনার প্রোফাইলে যেভাবে কটাক্ষ করতে দেখেছিলাম এবার সেই ভাবেই প্রশংসার একটা লাইন আশা করি দেখতে পাব। বলেছিলাম না এবার থেকে “আত্মপ্রচার”। করব, তাই করছি। এর আগে, নিজের ছবিতে মালা দিয়ে প্রতীকী প্রতিবাদ করার জন্য, সহকর্মীদের কাছেই কটাক্ষের স্বীকার হয়েছিলেন জিতু। এই পোস্টে, নাম না করে সেই সমস্ত কটাক্ষের উত্তর দিলেন জিতু।
(Feed Source: abplive.com)
