বিতর্কে তোলপাড় বৈভব সূর্যবংশীদের রাজস্থান রয়্যালস, নির্বাসিত হতে পারেন দলের ম্যানেজার!

বিতর্কে তোলপাড় বৈভব সূর্যবংশীদের রাজস্থান রয়্যালস, নির্বাসিত হতে পারেন দলের ম্যানেজার!

IPL 2026: গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাজস্থানের ম্যাচের সময় ডাগ আউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডারকে

বিতর্কে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডার (ইনসেটে)। – IANS, FB

আইপিএলে অপ্রতিরোধ্য দেখাচ্ছে রাজস্থান রয়্যালসকে। ৪ ম্যাচের ৪টিতেই জিতে ৮ পয়েন্ট। আইপিএল পয়েন্টস টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।

বিধ্বংসী ছন্দে ব্যাট করছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। বিস্ময়-কিশোরের তাণ্ডবে বিশ্বের তাবড় বোলারদের ঘুম ছুটেছে।

এরই মাঝে বিরাট বিতর্ক রাজস্থান রয়্যালস শিবিরে। দলের ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।

গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রাজস্থানের ম্যাচের সময় ডাগ আউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডারকে। যা অবৈধ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন বৈভব সূর্যবংশীর পাশে বসে মোবাইল ফোন ঘাঁটছেন ভিন্ডার। যা প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়ায় (PMOA) একেবারেই নিষিদ্ধ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভিন্ডার আইপিএলের নিয়ম ভেঙেছেন যেহেতু ডাগ আউটে ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্তা পিটিআইকে বলেছেন, ‘হয়তো এটা অনিচ্ছাকৃত। তবে নিয়ম যখন ভেঙেছে, তদন্ত হবেই। এবার ওঁকে সতর্ক করা হবে নাকি নির্বাসিত করা হবে, সেটা ম্যাচ রেফারি ও দুর্নীতি দমন শাখার রিপোর্টের ওপর নির্ভর করছে।’

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দে করেছেন ললিত মোদি। যাঁকে আইপিএলের জনক বলা হয়। তবে দুর্নীতির দায়ে তাঁকে নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের নিয়ম হচ্ছে, টিম ম্যানেজার একমাত্র ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু ডাগ আউটে কোনওভাবেই নয়। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সকলকেই দলের নিরাপত্তার দায়িত্বে থাকা লিয়াসোঁ অফিসারের কাছে মোবাইল ফোন, স্মার্টওয়াচ জমা দিতে হয়। শুধুমাত্র দলের ভিডিও অ্যানালিস্ট কম্পিউটার ব্যবহার করতে পারেন নির্ধারিত জায়গায়।

এর আগেও একবার স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার ও গোটা দল আইপিএঅল থেকে নির্বাসিত হয়েছিল। এবার কি পদক্ষেপ করবে বোর্ড? – IANS ও রোমি ভিন্ডারের ফেসবুক থেকে নেওয়া ছবি

(Feed Source: abplive.com)