গুরুপ্রণাম! অনুশীলনের ফাঁকে ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন দীপক চাহার, ভাইরাল ভিডিও

গুরুপ্রণাম! অনুশীলনের ফাঁকে ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন দীপক চাহার, ভাইরাল ভিডিও
মুম্বই: রাত পোহালেই আইপিএলের (IPL 2026) ‘এল ক্লাসিকো’। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indian) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএল ইতিহাসের দুই সবথেকে সফল দলের ম্যাচ মানেই টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২২ গজের লড়াই থাকলেও, এই দুই দলের ক্রিকেটারদের মধ্যে কিন্তু মাঠের বাইরে বারংবারই বন্ধুত্বের ছবি ধরা পড়ে। ফের একবার মঙ্গলবার সেই ছবি দেখা গেল।

সিএসকের প্রাক্তনী দীপক চাহার (Deepak Chahar) বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। তবে হলুদ ব্রিগেড ছাড়লেও, তিনি কিন্তু এখনও সেই দলের সকলেরই প্রিয়। আর সিএসকের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) প্রতি তো চাহারের ভালবাসা, সম্মানের কথা সকলেই জানেন। এমনকী চাহারের বিয়ের প্রস্তাবের গোটা বিষয়টাও ধোনির পরামর্শেই হয়েছিল। সেই মাহিকে দেখেই মঙ্গলবার অনুশীলনের ফাঁকে তাঁর দিকে এগিয়ে এলেন চাহার। তারপর একেবারে সটান মাহির পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিলেন পল্টনদের তারকা ফাস্ট বোলার।

হুট করে এমন পায়ে হাত দিয়ে প্রণাম সারায় মাহি খানিকটা অপ্রস্তুতিতে পড়ে যান। পাশাপাশি দীপক চাহারের পিছনে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরাম্যানও। চাহারের সঙ্গে ক্যামেরাম্যান থাকায়ও খানিকটা বিরক্ত হন মাহি। তিনি সোজাসাপ্টা বলে দেন, ‘তুমি আসলে সঙ্গে ক্যামেরাম্যান নিয়ে। কথাই তো বলতে পারব না।’ উল্লেখযোগ্য বিষয় হল ধোনি এখানে যে ভাষায় চাহারের সঙ্গে কথা বলছিলেন। প্রথাগত হিন্দি নয়, বরং একেবারে বিহারি ভাষায় ধোনিকে কথা বলতে দেখা যায়।

মাহির পা ছুঁয়ে প্রণাম করা থেকে ধোনির বিহারি ভাষায় কথা বলা, সবটা মিলিয়েই এই ভিডিওটি নেটিজেনদের মনে ধরেছে এবং তাঁরা হু হু করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটিকে ভাইরাল করে দেন।

ম্যাচের কথা বলতে গেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কালকের ম্যাচের গুরুত্ব কিন্তু অপরিশীম। মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে যথাক্রমে লিগ তালিকায় সাত ও আট নম্বরে রয়েছে। দুই দলের দখলেই ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে কালকের ম্যাচে জয় কিন্তু লিগ তালিকায় উপরে উঠতে তো বটেই, দুই দলকেই প্লে-অফের লড়াইয়েও সামিল হতে অনেকটা সাহায্য করবে।

(Feed Source: abplive.com)