Pakistani Actress Meera on Mahesh Bhatt Harassment: ‘আমাকে কন্ট্রোল করতে চাইত, কথা না শোনায় চড়ও মেরেছে’, মহেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ? মুখ খুললেন পাক অভিনেত্রী মীরা

Pakistani Actress Meera on Mahesh Bhatt Harassment: ‘আমাকে কন্ট্রোল করতে চাইত, কথা না শোনায় চড়ও মেরেছে’, মহেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ? মুখ খুললেন পাক অভিনেত্রী মীরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানি চলচ্চিত্র জগতের এক সময়ের বিতর্কিত ও আলোচিত নাম অভিনেত্রী মীরা। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘সাইকো’-র প্রচার নিয়ে। আর এই প্রচার চলাকালীনই পুরনো স্মৃতি হাতড়ে ভারতের দিনগুলোর কথা শেয়ার করলেন তিনি। যেখানে উঠে এল মহেশ ভাট এবং সুপারস্টার আলিয়া ভাটের নাম।

এক সাক্ষাৎকারে মীরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, তাঁর নতুন ছবি ‘সাইকো’ ভারতে মুক্তি পাচ্ছে না বলে তিনি ব্যথিত। ভারতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। মীরা বলেন, “মহেশ ভাট এবং আলিয়া এই ছবি দেখলে খুব খুশি হতেন। আমি যখন তাঁদের বাড়িতে থাকতাম, আলিয়া আমার সাথেই ঘুমোত।” আলিয়ার শৈশবের কথা মনে করে মীরা আরও বলেন যে, আলিয়া ছোট থেকেই অত্যন্ত বুদ্ধিমতী এবং মেধাবী ছিলেন। বিশেষ করে পড়াশোনায় তাঁর মনোযোগ ছিল দেখার মতো।

মীরার বলিউড অভিষেক হয়েছিল মহেশ ভাট প্রযোজিত এবং সোনি রাজদান পরিচালিত ‘নজর’ ছবির মাধ্যমে। দীর্ঘ সময় আগে মীরা অভিযোগ তুলেছিলেন যে, মহেশ ভাট তাঁর ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেন এবং এমনকি তাঁকে চড়ও মেরেছিলেন। তবে বর্তমান সাক্ষাৎকারে মীরাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ ভোলবদল করেন।

বিগত দিনের সেই অভিযোগ অস্বীকার করে মীরা এখন বলছেন, “না, এমন কিছুই ঘটেনি। আমি কখনও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনিনি। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক।” অভিনেত্রীর এই বয়ান পরিবর্তনের পর নেটপাড়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি তখন প্রচারের আলো পেতেই এমন অভিযোগ করেছিলেন তিনি?

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ থাকায় মীরার ছবি ভারতে মুক্তি পাচ্ছে না। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, তিনি চান তাঁর কাজ ভারতীয় দর্শকদের কাছে পৌঁছাক। মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক যে আজও মধুর, সে কথা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ‘নজর’ খ্যাত এই অভিনেত্রী। তবে মীরার এই মন্তব্যের প্রেক্ষিতে ভাট পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(Feed Source: zeenews.com)