জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নীরজ চোপড়া (Neeraj Chopra) দেশের ১ নম্বর বল্লম-বাজিগর, সারা বিশ্বে যাঁকে নিয়ে চর্চা হয়। অলিম্পিক্সে সোনা-রুপোর সঙ্গেই বিশ্বচ্যাম্পিয়নও পানিপথের এই ২৮ বছরের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার। গত কয়েক মাস ধরেই কিন্তু ‘নিখোঁজ’ নীরজ! তাঁকে নিয়ে সেভাবে কোনও খবরাখবরও হয়নি। বিশ্ব অ্যাথলেটিক্সের আঙিনায় তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে, নীরজ এখন কোথায়, কী করছেন তিনি? আবার কবে তাঁর বর্শামঙ্গল দেখা যাবে।
২০২৮ সালে রয়েছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (Los Angeles Olympics in 2028)। আর বিশ্ব অ্যাথলেটিক্সের শ্রেষ্ঠ ইভেন্টেই পাখির চোখ নীরজের। চোট-আঘাতের ধকল থেকে মুক্তি পেতে দীর্ঘ রিহ্যাবের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। ‘নিখোঁজ’ নীরজ ফিরছেন ট্র্যাকে। প্রত্যাবর্তনের দোরগোড়ায় তিনি। ক্যালেন্ডার বলছে আজ ১০ মে। ২৩৪ দিন হয়ে প্রতিযোগিতাহীন নীরজ। গত সেপ্টেম্বরে টোকিয়োতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে শেষ করার পর আর নীরজ কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণই করেননি। ২০২১ সালের টোকিও অলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জয়ের পর সেবারই প্রথম কোনও প্রতিযোগিতার পোডিয়ামে তাঁর জায়গা হয়নি। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ডায়মন্ড লিগ মিট এবং বিশ্ব অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপের মতো ইভেন্ট রয়েছে সামনে। নীরজের ভক্তরা তাঁর কামব্যাকের অধীর আগ্রহে রয়েছে।
নীরজ গ্লাসগো কমনওয়েলথ গেমসে আদৌ অংশ নেবেন কিনা, তা নিয়ে এখনও চিন্তাভাবনা করছেন, বর্তমানে তাঁর মূল লক্ষ্যই হল জাপানের আইচি-নাগোয়ায় হতে চলা এশিয়াডে নিজের পদক ধরে রাখা। মনে করা হচ্ছে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ইভেন্টগুলি হতে পারে—২৯ মে পোল্যান্ডে ‘ইরেনা সেউইন্সকা মেমোরিয়াল’, ৩ জুন ফিনল্যান্ডে ‘পাভো নুরমি গেমস’, ১৬ জুন চেক প্রজাতন্ত্রে ‘ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক’ এবং ২১ জুন নেদারল্যান্ডসে ‘এফবিকে গেমস’। এমনটাই রিপোর্ট। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সম্প্রতি নীরজের সঙ্গে তাঁর ফেরার বিষয় নিয়ে কথা বলেছেন। এবং জানা যাচ্ছে যে, নীরজের রিহ্যাব প্রায় শেষ পর্যায়ে। নীরজকে কুঁচকি, গোড়ালি এবং পিঠের একাধিক সমস্যা ভুগিয়েছে। এক সর্বভারতীয় মিডিয়া সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই নীরজ বুঝতে পেরেছিলেন যে, রিকভারিই এখন তাঁর কাছে সর্বাধিক অগ্রাধিকারের জায়গায়। বেশ কিছুদিন ধরেই কুঁচকি ও পিঠের সমস্যায় ভুগছিলেন, যা তাঁর প্রস্তুতি এবং পারফরম্যান্স, উভয়কেই প্রভাবিত করেছিল। সেই সময় থেকে তাঁর কাজের সিংহভাগই আবর্তিত হয়েছে রিহ্যাব, শরীরের স্বাভাবিক নমনীয়তা র এবং ফের আগের জায়গায় ফিরে আসা।
নীরজ শুরুতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দীর্ঘ সময় ধরে অফ-সিজন অনুশীলন করেছেন। তবে সম্প্রতি তিনি তুরস্কের আন্তালিয়ায় চলে আসেন। বর্তমানে সেখানে তিনি তাঁর বিশ্বস্ত কোচ জয়বীর চৌধুরী এবং ফিজিওথেরাপিস্ট ঈশান মারওয়াহারের তত্ত্বাবধানে আসন্ন প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছেন। প্রতিযোগিতায় নামার তাৎক্ষণিক চাপের পরিবর্তে, সুপরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রশিক্ষণ সেশনগুলির উপরই পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। সূত্রের খবর, ‘নীরজ আবার বিশেষ ভাবে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আগে অনুশীলনে মূলত জিম, রিহ্যাব এবং ফিটনেসের উপরেই জোর দিয়েছে। ধীরে ধীরে তাঁর ফোকাস ইভেন্ট-ভিত্তিক প্রশিক্ষণের দিকে সরেছে। শীর্ষ-স্তরের প্রতিযোগিতায় তাড়াহুড়ো করে ফেরার পরিবর্তে, চোপড়াকে অপেক্ষাকৃত ছোট আমন্ত্রণমূলক মিটগুলির মাধ্যমে ধীরে ধীরে মরসুমে প্রবেশ করার পরামর্শই পেয়েছেন। উদ্দেশ্যই হলো কোনও বড় ইভেন্টে খুব বেশি চাপ না দিয়ে ধীরে ধীরে ছন্দ এবং আত্মবিশ্বাস তৈরি করা। কাজের চাপ সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহত্তর উদ্দেশ্যই হল পরবর্তী অলিম্পিক্স চক্রের জন্য নিজেতে সুস্থ রাখা’
নীরজের গত ৮ মে দোহা ডায়মন্ড লিগ দিয়েই মরসুম শুরু করার কথা ছিল, কিন্তু চলতি পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে ইভেন্টটি ১৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। আন্টালিয়ায় প্রশিক্ষণ চলাকালীন নীরজ তাঁর থ্রোয়িং কৌশলে, বিশেষ করে তার ব্লকিং মুভমেন্টে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন এনেছেন বলেই মনে করা হচ্ছে। এটি হল থ্রো ছাড়ার পর মাটিতে নামার সেই গুরুত্বপূর্ণ পর্যায় যা ক্রীড়াবিদদের ফাউল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখে। ‘নীরজের চাপ মূলত আসত আসত ল্যান্ডিং বা মাটিতে অবতরণের সময়। বল ছোড়ার পর শরীরের অবস্থান যেভাবে তিনি আটকে রাখতেন, সেখান থেকে। নিজের নিক্ষেপ-শৈলী পরিবর্তনের পাশাপাশি, তিনি এই বিশেষ দিকটি নিয়েও ব্যাপকভাবে কাজ করেছেন। এমনকি শরীরের উপর চাপ কমাতে তিনি দীর্ঘ দূরত্বের দৌড়ের পরিবর্তে এখন স্প্রিন্ট-কেন্দ্রিক অনুশীলনের উপর জোর দিচ্ছেন।’ অলিম্পিক্সের কথা মাথায় রেখে কোনও বিদেশি কোচ নিয়োগ না করেই নীরজ তাঁর কোচ জয়বীর চৌধুরীর অধীনেই প্রশিক্ষণ চালিয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
