Virat Kohli: কোহলির সেঞ্চুরিতে অনিশ্চিত কেকেআরের প্লেঅফ স্বপ্ন! ৬ উইকেটে দুরন্ত জয়ে লিগ শীর্ষে আরসিবি

Virat Kohli: কোহলির সেঞ্চুরিতে অনিশ্চিত কেকেআরের প্লেঅফ স্বপ্ন! ৬ উইকেটে দুরন্ত জয়ে লিগ শীর্ষে আরসিবি

Virat Kohli: টানা চার ম্য়াচ জয়ের পর ফের হার। কেকেআর আর প্লেঅফের সহজ সমীকরণের মাঝে এসে দাঁড়ালেন বিরাট কোহলি। চ্যালেঞ্জিং স্কোর নাইটরা করলেও কোহলির বিরাট সেঞ্চুরিতে সেই টার্গেট সহজ পূরণ করে ফেলল আরসিবি।

বিরাট কোহলি

টানা চার ম্য়াচ জয়ের পর ফের হার। কেকেআর আর প্লেঅফের সহজ সমীকরণের মাঝে এসে দাঁড়ালেন বিরাট কোহলি। চ্যালেঞ্জিং স্কোর নাইটরা করলেও, কোহলির বিরাট সেঞ্চুরিতে সেই টার্গেট সহজে পূরণ করে ফেলল আরসিবি। আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ নবম সেঞ্চুরি করলেন কোহলি। বিরাটের অনবদ্য সেঞ্চরির সৌজন্যে কেকেআরকে ৬ উইকেটে হারাল বেঙ্গালুরু। কলকাতার দেওয়া ১৯৩ রানের টার্গেট ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। অজিঙ্কা রাহানে ১৯ ও ফিন অ্যালেন ১৮ করা আউট হওয়ায় চাপের মুহূর্তে দলকে ভরসা দেন আংক্রিশ রঘুবংশী। প্রথমে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ ও পরে রিঙ্কু সিং-এর সঙ্গে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে লড়াই করার মতো স্কোরে পৌছে দেন তরুণ ডান হাতি ব্যাটার। গ্রিন করেন ৩২ ও রিঙ্কু ২৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

প্রথমে সেট হতে একটু টাইম নিলেও পরে ক্রিজে জমে যেতেই একের পর ক্লাসিক শট খেলেন আংক্রিশ রঘুবংশী। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে তরুণ ক্রিকেটারের এমন পরিপক্ক ইনিংস সকলের মন জিতে নেয়। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি। এই নিয়ে মরশুমে কেকেআরের হয়ে ৪ নম্বর হাফ সেঞ্চুরি করলেন আংক্রিশ রঘুবংশী। ইনিংসের শেষ বলে রান আউট রঘুবংশী। ৪৬ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষ পর্যন্ত কেকেআর ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে।

রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন বিরাট কোহলি ও জেকব বেথেল। ওপেনিং জুটিতে ৩৭ রান করেন তারা। এরপর দেবদূত পাড়িক্কল ও বিরাট কোহলির ম্যাচ উইনিং পার্টনারশিপ আরসিবির জয়ের ভিত গড়ে দেয়। ৯২ রান জুটিতে যোগ করেন তারা। দেবদূত পাড়িক্কল ৩৯ রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলি। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি।

হাফ সেঞ্চুরি করার পর রানের গতিবেগ আরও বাড়ান বিরাট। রজত পাতিদার, টিম ডেভিডরা সহজেই সাজঘরে ফিরলেও এদিন কোহলিকে ক্রিজ থেকে টলানো যায়নি। ৫৮ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ৬০ বলে ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট কোহলি। জিতেশ শর্মা অপরাজিত থাকেন ৮ রানে।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌছল আরসিবি। প্লে অফ কার্যত পাকা। ১০০ শতাংশ পাকা করতে দরকার আর একটি জয়। অপরদিকে, কেকেআরের হারের ফলে অনিশ্চিত হয়ে গেল তাদের প্লে অফের স্বপ্ন। এখন শেষ ৩টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্টে জেতে পারবে কেকেআর। যা প্লে অফে সরাসরি যাওয়ার জন্য যথেষ্ট নয়। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তাও কার্যত অসম্ভব সম্ভব হলে হবে।