
সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্স একটা সময় ছিল তাঁর ঘরের মাঠ। কলকাতা নাইট রাইডার্সের নয়নের মণি ছিলেন। পরে অবশ্য সম্পর্কে ইতি। যে শুভমন গিলকে কেকেআরের সবচেয়ে প্রতিশ্রুতিমান মুখ মনে করা হতো, তাঁকেই ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল।
কেকেআর ছাড়ার পর থেকে কি ইডেনে ভাগ্যও দূরে সরে থাকছে শুভমন গিলের থেকে!
গত নভেম্বরে এই মাঠেই টেস্ট অধিনায়ক হিসাবে নেমে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল গিলের। ঘাড়ে চোট পেয়ে স্ট্রেচারে চেপে মাঠ ছাড়তে হয়েছিল। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ভারতও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টে জঘন্যভাবে হেরেছিল।
আইপিএলেও ইডেনে দুর্ভাগ্য তাড়া করে বেড়াল শুভমনকে। সামনে ২৪৮ রানের পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। ৪৯ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শুভমন। ফের ঘাড়ে চোট পেলেন। ব্যক্তিগত ৪৯ রানে তখন ব্যাট করছিলেন। বরুণ চক্রবর্তীর বলে রান নিতে গিয়েছিলেন। বিপদ বুঝে ফিরে আসার সময় উইকেট বাঁচাতে ডাইভ মারেন। ফের ঘাড়ে চোট পেলেন। তাঁর ঘাড়ে শুশ্রূষাও করা হল।
শেষ পর্যন্ত ব্যর্থ হল শুভমনের লড়াই। কলকাতা নাইট রাইডার্সের ২৪৭/২ তাড়া করে ২১৮/৪ স্কোরে আটকে গেল গুজরাত টাইটান্স।
যে জয়ে ব্যাট হাতে যদি নায়ক হন ফিন অ্যালেন-অঙ্গকৃষ রঘুবংশী-ক্যামেরন গ্রিন ত্রয়ী, বল হাতে ভেল্কি দেখালেন সুনীল নারাইন। যে পিচে দুই ইনিংস মিলিয়ে ৪৬৫ রান উঠল, সেই বাইশ গজে ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করে জোড়া উইকেট নিলেন ক্যারিবিয়ান তারকা। এবং শিকারের তালিকায় গুজরাতের সেরা ব্যাটার শুভমন গিল!
২৯ রানে ম্যাচ জিতে আইপিএলের প্লে অফের দৌড়ে বেঁচে রইল কেকেআরের স্বপ্ন। পয়েন্ট টেবিলে একধাপ উঠে সাত নম্বরে নাইটরা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নাইটদের। শেষ দুই ম্যাচে জিতে সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছনোর হাতছানি। আর সেটা পারলে, কে বলতে পারে অলৌকিকভাবে প্লে অফের দরজা খুলে যাবে না!
ইডেনে শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বৈরথ ছিল এই মাঠে কেকেআরের একশোতম ম্যাচ। আর সেঞ্চুরি ম্যাচকে স্মরণীয় করে রাখলেন নাইটরা। প্রথমে টস হেরে ব্যাটে ঝড় তুলল কেকেআরের ত্রয়ী। ৪৫ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস ফিন অ্যালেনের। ৪৪ বলে ৮২ রানের আগ্রাসী ইনিংস খেললেন অঙ্গকৃষ রঘুবংশী। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন ২৮ বলে ৫২ রান করলেন। গুজরাতের বিরুদ্ধে এটাই কোনও দলের আইপিএলের সর্বোচ্চ স্কোর।
রেকর্ড রান তাড়া করতে নেমে শুভমন ছাড়া লড়লেন জশ বাটলার। ৩৫ বলে ৫৭ করলেন। তবে কেকেআরের উদ্বেগ তৈরি করে রাখলেন মাথিশা পাথিরানা। মাত্র ৮ বল করে চোট পেয়ে ফের মাঠ ছাড়লেন। কেকেআরের জার্সিতে অভিষেকের ম্যাচেই উৎকণ্ঠা। পরের ম্যাচে খেলবেন পাথিরানা।
(Feed Source: abplive.com)
