Mimi Chakraborty: বেপরোয়া, অপ্রতিরোধ্য মিমি, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে ‘ক্যুইনস’

Mimi Chakraborty: বেপরোয়া, অপ্রতিরোধ্য মিমি, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে ‘ক্যুইনস’

 

Queens: উত্তরবঙ্গের রাজনীতি, অপরাধ এবং পারিবারিক প্রতিশোধকে কেন্দ্র করে এগোবে সিরিজের প্রেক্ষাপট। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চরম পদক্ষেপ করতে দেখা যাবে অভিনেত্রীকে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার নির্ঝর-মিমি জুটি। ফের একবার ওটিটির পর্দায় ঝড় তুলতে চলেছে নতুন থ্রিলার সিরিজ ক্যুইন। আর সেখানেই মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে মিমিকে। সরকার পরিবারের এই গল্পে অন্দরে লুকিয়ে রয়েছে এমন সব রহস্য। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে রয়েছে নারীদের লড়াই ও প্রতিশোধের গল্প।

মিমির পাশাপাশি ওয়েব সিরিজে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা, কৌশিক চট্টোপাধ্যায়, দেবাঞ্জন মিত্র, রাহুল দেব বসু। নির্ঝর মিত্র পরিচালিত ‘কুইন’ মুক্তি পাবে আগামী ১২ জুন। এই গল্পটি একজন এমন মেয়ের গল্প যার বিয়ের দিন ঘটে যায় বড় অঘটন। সিরিজের প্রথম ঝলক অন্তত সেই কথাই বলছে।

মূলত ৪ নারীর প্রতিশোধের লড়াই, তাদের ওপর হয়ে আসা অন্যায়ের লড়াই আর বাঁচার লড়াইয়ের কথা বলে এই গল্প। মিমি ছাড়াও বাকি ৩ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, বৈশাখী মার্জিত, দেবযানী সিংহ, এবং পায়েল দে-কে। মিমির চরিত্রের নাম, মীরা সরকার। এই সিরিজের সিনেমাটোগ্রাফার প্রসেনজিৎ চৌধুরী। সম্পাদনার দায়িত্বে শুভজিৎ সিংহ। সঙ্গীত পরিচালনা মৈনাক মজুমদারের।

গল্পের শুরু উত্তরবঙ্গের এক বিয়ের অনুষ্ঠান থেকে। সেখানেই আচমকা হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। সরকার পরিবারের বাবা এবং তার তিন ছেলেকে সবার সামনে গুলি করে খুন করা হয়। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পুরো পরিবার। পিছনে থেকে যায় চার নারী— মীরা, সাবিত্রী, ঝুমা এবং পলি।

সিরিজের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে একটি হাত যেখানে সদ্য মেহেন্দি করা হয়েছে। বিয়ের কিছুক্ষণ আগে যখন সকলেই হবু নববধূকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে, ঠিক তখনই শুনতে পাওয়া গেল একটি বন্দুকের আওয়াজ। এরপরেই যেন নিমেষে সবকিছু পাল্টে যায়।

(Feed Source: zeenews.com)