কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!

কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!

 

  • অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মা হলেন, স্বামী আনন্দ আহুজা ও দুই ছেলেকে নিয়ে লন্ডনে থাকেন।
  • লন্ডনের নটিং হিলে পরিচারকদের জন্য বিলাসবহুল ৫টি ফ্ল্যাট কিনলেন সোনম-আনন্দ।
  • পরিচারকদের ফ্ল্যাট কেনার সিদ্ধান্তে প্রতিবেশীরা অসন্তুষ্ট, পরিবেশ নষ্টের অভিযোগ।
  • ৪০ লক্ষ পাউন্ডে ফ্ল্যাট কেনা হলেও, বিনিয়োগের কারণ দেখালো সোনমের সংস্থার প্রতিনিধি।

কলকাতা: রুপোলি পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন সোনম কপূর (Sonam Kapoor)। যদিও তিনি এখনও মডেলিং ও ব্র্যান্ড এনডোর্সমেন্টের মতো কাজের সঙ্গে ভীষণভাবে যুক্ত রয়েছেন, তবে অভিনয় করা অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। আর এখন, কোলে এসেছে সদ্যোজাত। দ্বিতীয়বার মা হয়েছেন সোনম। অভিনেত্রী বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। নাম, বায়ু। আর সদ্যই, দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী ও ২ ছেলেকে নিয়ে এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন অভিনেত্রী। আর এবার, অবাক করা কাজ করলেন সোনম আর তাঁর স্বামী আনন্দ আহুজা!

সোনম-আনন্দের বিলাসবহুল সংসার

বছর ৩ আগে, লন্ডনের অভিজাত এলাকা নটিং হিলে একটি বিশাল বাড়ি কিনেছিলেন সোনম ও আনন্দ। বহুমূল্য সেই বাড়িতেই এখন সংসার পেতেছেন তাঁরা। আর এবার ওই একই এলাকায়, বাড়ির পরিচারকদের থাকবার জন্য, একটি নয়, ৫টি ফ্ল্যাট কিনেছেন সোনম ও আনন্দ। সোনম তাঁর স্বামীকে নিয়ে যে বাংলোতে বসবাস করেন, ভারতীয় মুদ্রায় তার দাম, ২৭১ কোটি। আর সোনমরা যে ৫টি ফ্ল্যাট কিনেছেন, সেগুলি ও যথেষ্ট বিলাসবহুল। গোটাটাই একটি আবাসনের মধ্যে। তবে সোনম আর আনন্দের এই পদক্ষেপে যথেষ্ট বিরক্ত তাঁদের প্রতিবেশীরা।

সোনমদের কাজে বিরক্ত প্রতিবেশীরা

সোনম এবং আনন্দের প্রতিবেশীরা মনে করছেন, পরিচারকদের থাকবার জন্য, একই এলাকায় অতটা বিলাসবহুল ফ্ল্যাট কিনে আদপে পরিবেশই নষ্ট করছেন তাঁরা। যে এলাকায় ওই ফ্ল্যাটগুলি, সেখানে লন্ডনের অভিজাত শ্রেণীর মানুষদের বসবাস। তাঁরা সেখানে নিজেদের মতো করে একটি আবহ গড়ে তুলেছেন। সোনমদের পরিচারকেরা যদি ওই ফ্ল্যাটে থাকেন, তাহলে শ্রেণীগত পার্থক্য তৈরি হবে। পাশাপাশি প্রতিবেশীদের ভয়, বিলাসবহুল ওই আবাসনকে সামাজিক আবাসনে পরিণত করবেন সোনম আর আনন্দ। এটা ওই প্রতিবেশীদের একেবারেই না পসন্দ।

কী জানানো হল তারকা দম্পতির তরফে?

সূত্রের খবর, এই পাঁচটি ফ্ল্যাট কিনতে সোনম এবং আনন্দের খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ পাউন্ডে ভারতীয় মুদ্রায় প্রায় খরচ হয়েছে প্রায় ৫১ কোটি টাকা। তবে সোনম এবং আনন্দের কোম্পানির একজন প্রতিনিধি ফ্ল্যাট কেনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই ফ্ল্যাটগুলির সঙ্গে আনন্দের পারিবারিক কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণরূপে বিনিয়োগের কারণেই এই সম্পত্তি কেনা হয়েছে। যদিও, এই পুরো বিষয়ে সোনম কাপুর এবং আনন্দ আহুজার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(Feed Source: abplive.com)