
Vaibhav Sooryavanshi: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরশুমের শেষ লিগ ম্যাচে মাঠে নেমে এক অনন্য কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী। নিজের রেকর্ডের ঝুলিতে পুরলেন আরও এক বিশ্বরেকর্ড।
আইপিএল ২০২৬-এ একের পর এক চমক দেখিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরশুমের শেষ লিগ ম্যাচে মাঠে নেমে এক অনন্য কীর্তি গড়লেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো কিশোর হিসেবে একটি একক সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড এখন এই তরুণ তুর্কির দখলে।
মুম্বইয়ের বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে চলতি আইপিএলে বৈভবের নামের পাশে ছিল ৫৭৯ রান। বিশ্বরেকর্ডটি নিজের নামে করার জন্য তাঁর প্রয়োজন ছিল মাত্র ২ রান। ইনিংসের প্রথম বলেই খাতা খোলার পর, ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইল জ্যাকসের বলে আরও ১ রান নিয়ে তিনি পূর্বতন রেকর্ডধারী দেবদত্ত পাড়িক্কলকে ছাড়িয়ে যান। এর আগে ২০১৯/২০ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের হয়ে ৫৮০ রান করে এই রেকর্ডের মালিক ছিলেন পাড়িক্কল।
বিহারের সমস্তিপুরের বাসিন্দা এই বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার চলতি ম্যাচে যদি আর মাত্র কয়েকটি রান যোগ করতে পারেন এবং তাঁর ইনিংসটিকে অন্তত ২১ রান পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবে ক্রিকেট ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সে ক্ষেত্রে বিশ্বের প্রথম কিশোর ক্রিকেটার হিসেবে যেকোনো টি-টোয়েন্টি সিরিজে ৬০০ রান করার এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করতেন বৈভব।
চলতি ২০২৬ মরশুমে বৈভব সূর্যবংশী শুধু রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকাতেও তিনি শীর্ষে অবস্থান করছেন। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩টি বিশাল ছক্কা। এই ম্যাচে তিনি যদি আর মাত্র ৭টি ছক্কা হাঁকাতে পারতেন, তবে আইপিএলের একটি মরশুমে সর্বোচ্চ ৫৯টি ছক্কা মারার যে বিশ্বরেকর্ড ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল গড়েছিলেন, তা ভেঙে চুরমার হয়ে যেত। যদিও এদিন মাত্র ৪ রান করে আউট হন বৈভব।
ইতিমধ্যেই একটি অনন্য রেকর্ডে ভারতের মাটিতে ইতিহাস গড়েছেন বৈভব। যেকোনো টি-টোয়েন্টি সিরিজে ৫০ বা তার বেশি ছক্কা মারা প্রথম এবং একমাত্র ভারতীয় ব্যাটার এখন তিনিই। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থানের আগের ম্যাচটিতেই তিনি এই ঐতিহাসিক ৫০ ছক্কার মাইলফলক ছুঁয়েছিলেন। সমস্তিপুরের এই বিস্ময় বালকের এমন রাজকীয় পারফরম্যান্সে মজেছে গোটা ক্রিকেট দুনিয়া।
(Feed Source: news18.com)
