মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না… কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?

মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না… কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?

 

কলকাতা: নিজের জীবন নিয়ে বারে বারেই চর্চায় থাকেন, হানি সিংহ (Honey Singh)। তবে নিজের জীবন নিয়ে, চিরকালই খোলমেলা তিনি। একটা সময়ে, মাদকাসক্ত হয়ে পড়েছিলেন হানি সিংহ। সেই সময়ে তাঁর কাছে চূড়ান্ত ক্ষতি হয়েছিল। মূল ধারা থেকে কার্যত দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে সেই অধ্যায় কাটিয়ে, তিনি আবার ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। পুরোদমে কাজও শুরু করেছেন তিনি। তবে একটা সময়ে যে তিনি মাদকাসক্ত ছিলেন, তা কখনও গোপন করতে চাননি হানি সিংহ। বরং তিনি বারে বারেই এই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন। কীভাবে তিনি সেই অধ্যায় থেকে বেরিয়ে এসেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। হানি সিংহ বারে বারেই বলেছেন, সেই সময়ে নিঃসঙ্গ, একাকী ছিলেন তিনি। তবে সেই সঙ্গে হানি সিংহ জানিয়েছেন, সেই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তাঁকে সতর্ক করেছিলেন বলিউডের ২ নায়ক। অক্ষয় কুমার (Akshay Kumar) আর শাহরুখ খান (Shah Rukh Khan)।

নিজের জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে কী জানিয়েছেন হানি সিংহ?

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, নিজের মাদকাসক্তি নিয়ে কথা বলেছেন হানি সিংহ। তিনি বলেছেন, তাঁর বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর সমস্যা ছিল। সেই কারণে, তাঁর মাথার সমস্ত চুল উঠে যায়। পরচুলা পরতে হত তাঁকে। পাশাপাশি ছিল, তাঁর মাদকাসক্তির মতো সমস্যা। সেই সময়ে তাঁকে সতর্ক করেছিলেন অক্ষয় কুমার আর শাহরুখ খান। তাঁরা বারে বারেই হানি সিংহ বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাঁকে বারে বারে সতর্ক করেন, বলেন মাদকাসক্তি থেকে সরে আসতে। হানি সিংহ বলেন, কেরিয়ারে তাঁর এমন একটা সময় এসেছিল, যেখানে নিজের ভাবনাচিন্তার ওপর কোনও নিয়ন্ত্রণ ছিল না তাঁর। বদলে গিয়েছিল তাঁর হাঁটাচলাও। অন্যরকমভাবে কথা বলতে শুরু করেছিলেন হানি সিংহ। এই সমস্ত কারণে তাঁকে যথেষ্ট অপমানও সহ্য করতে হত। ধীরে ধীরে মানসিক স্বাস্থ্য ভেঙে যেতে থাকে তাঁর। তবে হানি সিংহ জানিয়েছিলেন, খ্যাতির কারণে নয়… তাঁর নিজের কিছু ভাবনাচিন্তার বিচ্যুতির কারণেই এই অবস্থা হয়েছিল তাঁর। তবে ধীরে ধীরে স্বাভাবিত জীবনে ফিরে আসেন হানি সিংহ। ফের তিনি কাজ শুরু করেন। তবে নিজের জীবনের অন্ধকার অতীতকে ভুলে যাননি হানি সিংহ। আর ভুলে যাননি সেই মানুষদেরও, যাঁরা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন হানি সিংহের।

(Feed Source: abplive.com)