)
Mohammed Siraj Dropped From India’s T20I Series: শেষ মুহূর্তে কেন টি-২০আই দল থেকে বসানো হল মহম্মদ সিরাজকে? ৩ বছর পর টি-২০আই প্রত্যাবর্তন করলেন জিটি স্টার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৬ জুন মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে অজিত আগরকরের জাতীয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসেছিল। নতুন টি-২০আই অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণার সঙ্গেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। জাপানে হতে চলা এশিয়ান গেমসের দলও বেছে নেওয়া হয়। নাম ঘোষণার পরেও শেষ মুহূর্তে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) আয়ারল্যান্ড ও ইংল্যান্ড টি-২০আই সিরিজ থেকে সরিয়ে নিল বিসিসিআই! তার জায়গায় দলে নেওয়া হয়েছে তাঁর গুজরাত টাইটান্সের সতীর্থ প্রসিধ কৃষ্ণাকে (Prasidh Krishna)। যে সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন।
বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ও টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনার পরই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিরাজকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘ আন্তর্জাতিক মরসুমের আগে সিরাজকে পুরোপুরি সুস্থ ও প্রস্তুত করে তোলার লক্ষ্যেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বোঝাই যাচ্ছে যে, সিরাজের কাজের ধকল সামলাতেই এই পদক্ষেপ নিয়েছে সিরাজ। আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টে সিরাজ খেলেছিলেন। আপাতত তিনি ব্রেকে।
প্রসিধ এখনও পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টিআই খেলেছেন এবং ১১-র ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন। এই ফরম্যাটে ভারতের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচটি ছিল ২০২৩ সালের নভেম্বরে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামী ১৩ জুন থেকে শুরু হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে প্রসিধ রয়েছেন। তবে সেই সিরিজ থেকে সিরাজকে বাদ দেওয়া হয়েছে। এই দুই জোরে বোলারই সম্প্রতি নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট জয়ে অংশ নিয়েছিলেন।
আইপিএল ২০২৬-এ জিটি-র হয়ে সিরাজ ১৭ ম্যাচ খেলেছিলেন আর দলের ফাইনাল পর্যন্ত যাত্রাপথে প্রসিদ্ধ খেলেছিলেন ১২ ম্যাচ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিআই সিরিজের পর ভারত ইংল্যান্ডে ওডিআই সিরিজ খেলবে; এছাড়া জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডেও সিরিজ রয়েছে। ভারত ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টিআই ম্যাচ খেলবে এবং এরপর ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টিআই ম্যাচ খেলবে।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজে ভারতের পরিবর্তিত দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী
(Feed Source: zeenews.com)
