হরিদ্বারে ‘বার’! ইমরান হাসমির শ্যুটিং সেটে ধুন্ধুমার, কী নিয়ে সমস্যা?

হরিদ্বারে ‘বার’! ইমরান হাসমির শ্যুটিং সেটে ধুন্ধুমার, কী নিয়ে সমস্যা?

 

কলকাতা: ইমরান হাসমির (Emraan Hashmi) নতুন ছবির শ্যুটিংয়ের সেটে উত্তেজনা ছড়াল। সোশাল মিডিয়ায় ভাইরাল হল বেশ কিছু ভিডিও। সূত্রের খবর, ইমরান হাসমির একটি সিনেমার শ্যুটিং হচ্ছিল হরিদ্বারে। সেখানেই শ্যুটিংয়ের জন্য তৈরি একটি রেস্তোরাঁর সেটে ‘ক্যাফে অ্যান্ড বার’ সাইনবোর্ড লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা এসে সেই সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। শ্যুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে তাঁদের বাক-বিতণ্ডাও বেধে যায়। তবে ইমরানের তরফে বা প্রোডাকশন হাউজের তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ইমরান কোন সিনেমার শ্যুটিং করছেন, কোন সিনেমার শ্যুটিং ফ্লোরে যে এই ঘটনা ঘটেছে, তাও আপাতত গোপন রাখা হয়েছে।

কেন সমস্যা ইমরান হাসমির শ্যুটিং সেটে?

কিন্তু কেন এই সমস্যা? সূত্রের খবর, হরিদ্বারে কোনও নেশার সামগ্রী, মূলত মদ পাওয়া যায় না। কিন্তু ইমরান হাসমি সে সিনেমাটির শ্যুটিং করছেন, সেখানে একটি সেট তৈরি করা হয়েছিল। গল্পের প্রয়োজনে সেখানে দরকার ছিল একটি ‘ক্যাফে কাম বার’-এর। বার অর্থাৎ যেখানে মদ বিক্রি হয়। হরিদ্বারকে যেখানে পবিত্র শহর হিসেবে মনে করা হয়, সেখানে মদ বিক্রি হওয়ার বার্তা ছড়াতেই বেঁকে বসেন এলাকার একাংশ। তাঁরা প্রতিবাদ করেন যে, হরিদ্বারের মতো শহরে, এইরকম সাইনবোর্ড লাগানো যাবে না। শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত মানুষেরা প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, সেখানে সত্যি সত্যি মদ বিক্রি করা দেখানো হবে না। গোটাটাই সিনেমার শ্যুটিংয়ের জন্য তৈরি হয়েছে। তবে তা মানতে চাননি এলাকার বাসিন্দারা। পরে সমস্যা গুরুতর বোধ করে প্রযোজনা সংস্থার তরফ থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়। গোটা বিষয়টা শুরু হয়, এই ‘বার’ শব্দটিকে নিয়েই। হরিদ্বারের মতো পবিত্র শহরে মদ বিক্রির সাইনবোর্ড মেনে নিতে পারেননি স্থানীয়রা।

(Feed Source: abplive.com)