
Darjeeling News: সম্প্রতি পশ্চিমবঙ্গের ১০ নম্বর জাতীয় সংলগ্ন লিখুভির (লিখুভীরের) কাছে তিস্তা নদীর চরে একটি বিশালাকার বিরল সাদা অজগর (অ্যালবিনো পাইথন) দেখা গেছে। বিরল প্রজাতির এই সাপটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : কালিম্পংয়ের কাছে লেকুভির এলাকায় তিস্তা নদীর তীরে এক বিরল সাদা অজগর সাপের দেখা মিলেছে। সোমবার গভীর রাতে NH-10 সংলগ্ন এলাকায় বিশালাকৃতির ওই সাপটিকে দেখতে পান স্থানীয়রা। মঙ্গলবার সকালে তার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি একটি অ্যালবিনো ইন্ডিয়ান রক পাইথন (Python molurus)। সাধারণত এই প্রজাতির অজগরের গায়ে গাঢ় বাদামি ও কালো ছাপ থাকে, কিন্তু জিনগত বৈশিষ্ট্যের কারণে অ্যালবিনো সাপের শরীরে রঞ্জক পদার্থের অভাব দেখা যায়। ফলে সাপটির শরীর সম্পূর্ণ সাদা রঙের বলে জানা গেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তিস্তা নদী সংলগ্ন এলাকা বহুদিন ধরেই ইন্ডিয়ান রক পাইথনের স্বাভাবিক আবাসস্থল হিসেবে পরিচিত। তবে স্থানীয় বাসিন্দা এবং বনপ্রেমীদের দাবি, এর আগে এই অঞ্চলে এমন সাদা রঙের অজগর কখনও দেখা যায়নি। তাই ঘটনাটি শুধু সাধারণ দর্শনার্থীদের নয়, বন্যপ্রাণ গবেষকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, যদি বন দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে বিষয়টি নিশ্চিত হয়, তাহলে এটি ভারতে বন্য পরিবেশে দেখা যাওয়া প্রথম নথিভুক্ত অ্যালবিনো ইন্ডিয়ান রক পাইথন হতে পারে। সেই কারণে ঘটনাটি দেশের প্রাণীবিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে উঠতে পারে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিরল এই প্রাণীকে ঘিরে ভিড় বা বিরক্ত না করে তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। বন দফতরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
(Feed Source: news18.com)
