সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল

সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল

 

ম্যাঞ্চেস্টার: জাতীয় দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে দীর্ঘ সময় লেগেছিল। সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম অবশেষে শেষ হয়েছিল বলেই মনে করা হচ্ছিল। বছরের শুরুর দিকে টি-২০ বিশ্বকাপে জয়ী ভারতীয় দলের হয়ে সিরিজ় সেরা হন স্যামসন। তবে তারপর মাত্র কয়েক মাস এবং দুই সিরিজ়ের ব্যবধানেই জাতীয় দলের একাদশ থেকে ফের বাদ পড়লেন স্যামসন।

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় দলের হয়ে বহু কাঙ্খিত অভিষেক ঘটায় বৈভব সূর্যবংশী। তবে বৈভবের অভিষেকের দিনেই বাদ পড়েন স্যামসন। আয়ার্ল্যান্ডের ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ, শূন্য এবং এক রানের ইনিংসের পরেই ভারতীয় দল স্যামসনের পরিবর্তে বৈভবকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের একাংশ যেমন বৈভবের অভিষেকের জন্য আনন্দিত হন, তেমনই আরেক দল ফের একবার স্যামসন বাদ পড়ায় হতাশাও প্রকাশ করেন।

এমন আবহেই মাঠে স্যামসন ও ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ভারতের একাদশ ঘোষণার পরের বলেই দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে  প্রাথমিকভাবে গম্ভীরকে একবার জড়িয়ে ধরে স্যামসন চলে যাচ্ছিলেন। তবে ভারতীয় কোচই বরং তাঁকে টেনে থামিয়ে তাঁর সঙ্গে বেশ উত্তেজিত ভঙ্গিমায় কোনও বিষয়ে আলোচনা করেন। যদিও ভাইরাল ভিডিওতে স্য়ামসন ও গম্ভীর কী কথাবার্তা বলছিলেন, তা বোঝা যায়নি। তবে এই ভিডিও, বিশেষত স্যামসনের দল থেকে বাদ পড়ার পরেই এই আলোচনা সকলের নজর কেড়ে নিয়েছে।

অবশ্য স্যামসনের পরিবর্তে সুযোগ পাওয়া বৈভবও এদিন বড় রান পায়নি। সে দুই ছক্কা মারলেও ১০ বলে ১৪ রানের বেশি করতে পারেনি। এদিন ম্যাচে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। জবাবে ইংল্যান্ড শুরুটা একেবারে জঘন্য করলেও, জেকব বেথেলের দুরন্ত অর্ধশতরানের ইনিংস এবং টম ব্যান্টনের আগ্রাসী ৩৯ রানের সুবাদে এক ওভার বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। আপাতত এই পরাজয়ের ফলে ভারতীয় দল সিরিজ়ে ০-১ পিছিয়ে রয়েছে।

(Feed Source: abplive.com)