Bizarre News: অবিশ্বাস্য কিন্তু সত্যি! প্রাণ বাঁচাতে প্রতিদিন দুটি নদী পার হতে বাধ্য একটি পরিবার। কারণ গত ১৪ বছরে একই বুনো হাতির হামলায় ওই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই বাস্তব ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ফের তার হানাতেই মৃত্যু হল সেই পরিবারের সদস্যের।
নেপাল, ঋত্বিক ভট্টাচার্য: ভাগ্যের এমন নির্মম পরিহাস খুব কমই দেখা যায়। বাবা-মাকে একটি বুনো হাতির হামলায় হারানোর পর প্রাণ বাঁচাতে দুই নদী পেরিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বসতি গড়েছিলেন এক ব্যক্তি। ভেবেছিলেন, এবার হয়তো পরিবার নিরাপদ থাকবে। কিন্তু ১৪ বছর পর ফের সেই একই হাতি এসে কেড়ে নিল তাঁর পুত্রবধূ ও মাত্র চার বছরের নাতির প্রাণ।
চিতওয়ানের জগতপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত হাতিটির নাম ধুরবে (Dhurbe)। চিতওয়ান জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ধুরবে নেপালের অন্যতম কুখ্যাত বুনো হাতি। ইতিমধ্যেই অন্তত ২৫ জনের মৃত্যুর সঙ্গে তার নাম জড়িয়েছে এবং ৫০টিরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে সে।
এর আগে ধুরবের হামলায় ১৬ জনের মৃত্যু হওয়ার পর নেপাল সেনার ৯৬ জন সদস্য ও বনকর্মীদের নিয়ে বড়সড় অভিযান চালানো হয়। অভিযানে হাতিটি আহত হয় এবং তাকে মৃত বলে মনে করা হলেও ২০১৬ সালে ফের ফিরে আসে। এরপরও একাধিক হামলা চালায়, এমনকি দুই বনরক্ষীকেও আক্রমণ করে।
সম্প্রতি ধুরবে ফের হানা দেয় একটি বাড়িতে। সেখানে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে এক ব্যক্তির পুত্রবধূ ও চার বছরের নাতিকে হত্যা করে। শোকস্তব্ধ পরিবার জানিয়েছে, “আগেও পরিবারের সদস্যদের মৃত্যুর কারণ ছিল এই হাতির। তাঁর জন্য অন্যত্র পালিয়ে আসে পরিবার। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ফের মৃত্যু, আমাদের পালিয়ে যাওয়ার মতো আর কোনও জায়গা নেই।”
এই হৃদয়বিদারক ঘটনা নতুন করে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং বন্য হাতির চলাচলের নিরাপদ করিডর রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
(Feed Source: news18.com)
