
Health Tips: অনেকেই দুপুরে পেট ভর্তি করে খাবার খেলেও রাতে খাবার স্কিপ করে দেন। মোটা হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আদৌ কী তা যুক্তিসঙ্গত? রাতে বেশি খেলে কী হয় শরীরে জানেন?
ব্যস্ত জীবনে খাওয়াদাওয়ার সময়সূচি অনেকটাই বদলে গিয়েছে। সকালে তাড়াহুড়ো করে সামান্য খাবার, দুপুরে কোনও রকমে লাঞ্চ সেরে নেওয়া এবং রাতে বাড়ি ফিরে পেট ভরে খাওয়া—এটাই এখন বহু মানুষের দৈনন্দিন অভ্যাস। কিন্তু প্রশ্ন হল, শরীর সুস্থ রাখতে লাঞ্চ বেশি করে খাওয়া উচিত, নাকি ডিনার? এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ অমলকান্তি বিশ্বাস।
পুষ্টিবিদের মতে, দিনের প্রধান খাবার হওয়া উচিত দুপুরের লাঞ্চ। কারণ দিনের বেলায় মানুষের শারীরিক কার্যকলাপ তুলনামূলকভাবে বেশি থাকে। কাজকর্ম, হাঁটাচলা এবং দৈনন্দিন ব্যস্ততার কারণে শরীরের শক্তির চাহিদাও বেশি হয়। ফলে দুপুরে পরিমিত এবং পুষ্টিকর খাবার খেলে সেই শক্তি শরীর কাজে লাগাতে পারে। অন্যদিকে রাতে সাধারণত শারীরিক পরিশ্রম কমে যায় এবং ঘুমের সময় এগিয়ে আসে। তাই রাতে অতিরিক্ত খাবার খাওয়া মোটেই ভাল অভ্যাস নয়।
অমলকান্তি বিশ্বাস জানান, দুপুরের খাবারে ভাত বা রুটি, ডাল, শাকসবজি, মাছ, ডিম কিংবা পরিমিত মাংস রাখা যেতে পারে। পাশাপাশি স্যালাড ও মরশুমি সবজি খাওয়ার উপরেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে ‘বেশি লাঞ্চ’ মানেই অতিরিক্ত পরিমাণে ভাত বা তেল-মশলাযুক্ত খাবার খাওয়া নয়। বরং শরীরের প্রয়োজন অনুযায়ী সুষম এবং পরিমিত খাবার খাওয়াই মূল বিষয়।
অন্যদিকে ডিনার হওয়া উচিত তুলনামূলকভাবে হালকা। রাতে অল্প ভাত, রুটি, সবজি, ডাল বা সহজপাচ্য প্রোটিনজাতীয় খাবার খাওয়া যেতে পারে। ঘুমোতে যাওয়ার ঠিক আগে ভারী খাবার খাওয়ার অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ। রাতের খাবার এবং ঘুমের মধ্যে পর্যাপ্ত সময়ের ব্যবধান রাখাও জরুরি।
র্তমানে কাজের চাপে অনেকেই দুপুরের খাবার এড়িয়ে যান। এরপর রাতে অতিরিক্ত খেয়ে ফেলেন। পুষ্টিবিদের মতে, এই অভ্যাস দীর্ঘদিন চললে হজমের সমস্যা, ওজন বৃদ্ধি এবং শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
তাই সুস্থ থাকতে খাবারের পরিমাণের পাশাপাশি সময়ের দিকেও নজর দেওয়া জরুরি। পুষ্টিবিদ অমলকান্তি বিশ্বাসের পরামর্শ, দিনের বেলায় সুষম ও পরিপূর্ণ লাঞ্চ করুন এবং রাতে তুলনামূলক হালকা খাবার খান। সঠিক সময়ে সঠিক খাবারই সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি।
(Feed Source: news18.com)
