
দিল্লির আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে বিনোদন দুনিয়া
টলিউডে একাধিক অভিনেতা অভিনেত্রী দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের মতো ঘটনার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। দেশের তরুণ প্রজন্মের সঙ্গে কথা না বলে, আলোচনায় না বসে এইভাবে পুলিশ দিয়ে তাঁদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়ার প্রচেষ্টা একেবারেই মেনে নেওয়া যায় না। উত্তাল হয়েছে বলিউড, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে, অতুল কুলকার্নি, আলিয়া ভট্ট, সোনু সুদ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা… অনেকেই ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে, পুলিশের ব্যবহারের তীব্র নিন্দা করেছেন। অনশন মঞ্চে পৌঁছে গিয়ে সশরীরে আন্দোলনে যোগ দিয়েছেন, স্বরা ভাস্কর, শাবানা আজমির মতো বলি অভিনেত্রীরা। আর সেই আঁচ এসে লাগল, বাংলাতেও। রূপম ইসলামের কণ্ঠে শোনা গেল, ‘ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার/ তাই সংঘতি জানাই।’
রূপমের গানে-সুরে প্রতিবাদের ভাষা
সোশ্যাল মিডিয়ায় রূপম একটি ছোট্ট সাদায় কালোয় ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে.. তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে গান গাইছেন। আর তাঁর পিছনে পিছনে জড়ো হচ্ছে ছাত্রছাত্রীরা। সেখানে উঠে আসছে, ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের দৃশ্য ও। ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাস ছোড়া.. যে ঘটনার প্রতিবাদ করেছেন বহু মানুষ, সেই সুরে মিলে গিয়েছে, রূপম ইসলামের সুর ও। তাঁর গলাতেই শোনা গেল..’তুমি লেঠেল পাঠালে প্রশাসক/তুমি বশ্যতা চাও বিরোধী/জেনে নাও সবাই নয় স্তাবক/ ওরা আগুন নতুন পংক্তির…’
সোশ্যাল মিডিয়ায় রূপমের গানের প্রশংসায় মুখর তাঁর অনুরাগীরা।
(Feed Source: abplive.com)
