)
Deadly Coal Mine Blast: ঘটনায় আরও ১০ জন খনির ভেতরে আটকে পড়েছেন বলে খবর। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ বলেছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বেলুচিস্তানের এক কয়লাখনিতে ঘটা ভয়ংকর বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। আরও ১০ জন খনির ভেতরে আটকে পড়েছেন বলে খবর। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান সরকারের খনি পরিদর্শক বলেছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমেই এই বিস্ফোরণ ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
মিথেন গ্যাসের বিস্ফোরণ
দুর্ঘটনার কয়েকঘণ্টার মধ্যে উদ্ধারকারীরা প্রথমে সাতজনের দেহ উদ্ধার করেন। পরে আরও ২৫ জনের দেহ উদ্ধার হয়। খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত। পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ বলেন, আটকে পড়া সবাইকে শনাক্ত না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে মিথেন গ্যাসের বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে উদ্ধারকারীদেরও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
ক্ষতিপূরণ ও তদন্ত
বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী শোয়েব নশেরওয়ানি উদ্ধারকাজে প্রাদেশিক সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত প্রত্যেক খনিশ্রমিকের পরিবারকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১৮০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এবং খনির নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিরাপত্তায় অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। খনির নিরাপত্তাবিধি কঠোরভাবে মানা এবং নিরাপত্তা আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
প্রাণ হাতে করে জীবিকা
পাকিস্তানের কয়লাখনি শিল্পে প্রাণঘাতী দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বেলুচিস্তানের অনেক খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ যন্ত্র ও অন্যান্য মৌলিক নিরাপত্তা পরিকাঠামোর অভাব আছে। ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ ও কম মজুরি সত্ত্বেও ব্যাপক বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে প্রদেশটির হাজারো মানুষ জীবিকার জন্য কয়লাখনির কাজের উপর নির্ভর করে থাকেন।
(Feed Source: zeenews.com)
