জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রেলারে রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘রানি কৈকেয়ী’র লুকে দেখা গিয়েছে অভিনেত্রী লারা দত্তকে। ট্রেলারে লারা দত্তকে দেখা গিয়েছে একটি মেরুন ও সোনালি পাড়ের শাড়ির সঙ্গে সবুজ রঙের আধুনিক ডিজাইনার ব্লাউজে। তার ওপর চুল সোজাকরে একপাশে আঁচড়ানো এবং পার্লারের মতো কেতাদুরস্ত সাজগোজে তাঁকে উপস্থাপন করা হয়েছে। তবে তাঁর পোশাক ও আধুনিক সাজগোজ দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
অনেকেই বলছেন যে লারা দত্তকে অত্যন্ত আধুনিক লুক দেওয়া হয়েছে। তাঁরা জিজ্ঞেস করছেন, এটা কি ক্রেতা যুগ না ২০২৬ সাল? কিছু নেটিজেনদের দাবি, প্যান-ইন্ডিয়া লেভেলের এই বিশাল বাজেটের ছবিতে রানি কৈকেয়ীর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের কস্টিউম ডিজাইন আরও একটু জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো বলেই ফেলেছেন যে, লারার এই লুক নাকি একতা কাপুরের মেগা সিরিয়ালের চরিত্রের মতো লাগছে। ত্রেতা যুগের একজন পৌরাণিক চরিত্রের এমন ‘আধুনিক’ ও চকচকে অবতার একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা।
নেটিজেনদের কটাক্ষ ও মেগা সিরিয়ালের সঙ্গে তুলনা
সোশ্যাল মিডিয়ায় লারা দত্তের এই লুক প্রকাশ পেতেই একের পর এক ট্রোল ও কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, লারা দত্তকে দেখে পৌরাণিক রানি নয়, বরং একতা কাপুরের কোনও হিন্দি মেগা সিরিয়ালের চরিত্র মনে হচ্ছে। এক অনুরাগী লিখেছেন, “লারা দত্তকে দেখে ‘কভি খুশি কাভি গম’ ছবির জয়া বচ্চনের মতো লাগছে!” একজন ইউজার প্রশ্ন তুলেছেন, “ত্রেতা যুগে র-সিল্কের শাড়ির সঙ্গে এরকম কনট্রাস্ট ব্লাউজ কে ডিজাইন করত?” আর একজনের তোপ, “পার্লারে স্টাইল করা চুল… এটা ত্রেতা যুগ নাকি ২০২৬ সাল?”
চরিত্রের গুরুত্ব ও ছবির প্রেক্ষাপট
মহর্ষি বাল্মীকির ‘রামায়ণ’ এবং তুলসীদাসের ‘রামচরিতমানস’ অবলম্বনে তৈরি হচ্ছে নীতিশ তিওয়ারির এই ছবি। পুরো রামায়ণের গল্পে রানি কৈকেয়ীর ভূমিকা অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ, কারণ তাঁর সিদ্ধান্তের ওপর নির্ভর করেই প্রভু রামের বনবাস এবং মহাকাব্যের মূল ঘটনার সূত্রপাত ঘটেছিল। এমন একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ চরিত্রের সাজগোজে পৌরাণিক গভীরতা ও সত্যতা না থাকায় পরিচালকের সৃজনশীল স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকরা।
(Feed Source: zeenews.com)