
যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ চোটের কারণে মিস করেন। সাম্প্রতিক পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হচ্ছিল বুমরা নাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) টেস্ট সিরিজ়ের জন্য ফিট হয়ে গিয়েছেন। তবে সেই রিপোর্ট খারিজ করে Times of India-র নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে বুমরা নাকি ফিট হতে পারেননি।
টি-২০ বিশ্বকাপের সময় বুমরার হাঁটুর চোট পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে। সেই চোট থেকে নিস্তার পেতে বিসিসিআইয়ের মেডিক্যাল দল বুমরাকে ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেয়। গত মাসে বুমরা সেই ইঞ্জেকশন নিলেও, তাঁর সেরে উঠতে যা প্রত্যাশা করা হচ্ছিল, রিপোর্ট অনুযায়ী তার থেকে বেশি সময় লাগবে। ১৫ অগাস্ট থেকে শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে তো বুমরাকে পাওয়া যাবেই না, কলম্বোতে দ্বিতীয় টেস্টে বুমরাকে খেলানোর জন্য প্রস্তুত করার ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে স্টেকহোল্ডাররা এবং সেন্টার অফ এক্সিলেন্সের ডাক্তাররা বুমরাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন।
পরশু দিন ভারতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। তার আগে আগামীকালই টিম ইন্ডিয়ার সকলে মুম্বইয়ে জমায়েত হবেন। বুমরা সেই সময়ে দলের বাকিদের সঙ্গে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা কখনই ছিল না। তবে বর্তমানে তিনি হাঁটুতে অস্বস্তি বোধ করছেন, তাই তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না।
বুমারর চোটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সূত্র অতীতের প্রসঙ্গ টেনে দাবি করেন, ‘অতীতে খেলোয়াড়দের তড়িঘড়ি ক্রিকেটে ফেরানোর ঘটনাও ঘটেছে এবং তারপরেই তারা আরও চোটের কবলে পড়েন। ফের একবার একই ঝুঁকি নেওয়া সম্ভব নয়। বিশেষ করে বুমরার ক্ষেত্রে তো নয়ই। তাই ওর সম্পূর্ণ সুস্থ হওয়াটাই বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ। এ বছরে আরও অনেক ক্রিকেট বাকি রয়েছে। এশিয়ান গেমস রয়েছে, নিউজ়িল্যান্ড সফর রয়েছে এবং পরের বছরের শুরুতে বর্ডার-গাওস্কর ট্রফিও তো রয়েছে।’
বুমরার পরিবর্তে রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সি ফাস্ট বোলার আকিব নবি সুযোগ পাওয়ার জন্য সর্বাগ্রে রয়েছেন। তিনি আফগানিস্তান সিরিজ়ের আগে দলের সঙ্গে ছিলেন। ভারতীয় ‘এ’ দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে সফরও করেছিলেন নবি। সেখানে দুই ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে বলে খবর।
(Feed Source: abplive.com)
