Shakib Al Hasan : সাকিব আল হাসান আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে ছিলেন। তার কয়েক ঘণ্টা পরই তাঁর মাগুরার বাড়িতে এমন ভয়ঙ্কর হামলা।
সাকিবের বাড়িতে হামলা।
ঢাকা : বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং আওয়ামী লীগ সাংসদ সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বুধবার রাতে একদল দুস্কৃতি হামলা চালায়। তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিব অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এমন ঘটনা ঘটে।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত প্রায় ৯টার দিকে মোটরসাইকেলে করে একদল ব্যক্তি সাকিবের বাড়ির সামনে আসে এবং বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের উপরের অংশ লক্ষ্য করে পেট্রোল বোমার মতো কোনও জিনিস ছোড়ে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সাকিবের বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, নিক্ষেপ করা জিনিসটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
২০২৪ সালের ৫ অগাস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এই ধরনের অভিযোগ এই প্রথম সামনে এল।
(Feed Source: news18.com)