
টলিপাড়ায় এ কথা প্রত্যেকেই জানেন, সৃজিত সত্যজিৎ ভক্ত। গুরু পূর্ণিমার দিন, অন্য আরেকটি ছবির প্রচারে, সত্যজিৎ-স্মরণে বিশেষ পোশাক পরতেও দেখা গিয়েছিল সৃজিতকে। পরিচালক তাঁর পরবর্তী ছবির বিষয় হিসেবেও বেছে নিয়েছেন, সিনে জগতের সেই কিংবদন্তিকেই। সত্যজিৎ রায়ের ‘গুপি গায়েন বাঘা বায়েন’ (Goopy Gyne Bagha Byne) ছবির জনপ্রিয় একটি গানের প্রথম কলিই সৃজিতের আগামী সিনেমার নাম। ‘মহারাজা.. তোমারে সেলাম’। সত্যজিৎ রায়ের ‘গুপি গায়েন বাঘা বায়েন’ ছবিটি প্রযোজনা করেছিল, পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেড। সেই প্রযোজনা সংস্থার সঙ্গেই হাত মিলিয়েছে হইচই স্টুডিওজ় এবং ফ্রেন্ডস কমিউনিকেশন। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই সৃজিতের নতুন ছবির ভাবনা।
এই সিনেমা তৈরির নেপথ্যে যে গল্প রয়েছে, সেটাই সৃজিতের সিনেমার বিষয়বস্তু হয়ে উঠবে। কীভাবে তৈরি হয়েছিল, ‘গুপি গায়েন বাঘা বায়েন’ ছবিটি। কীভাবে সেখানে উঠে এসেছিল, তৎকালীন সমাজ, রাজনৈতিক প্রেক্ষাপটের কথা, ছবি তৈরি করতে গিয়ে কী কী পরিস্থিতি, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল সত্যজিৎ রায়কে, সেই সমস্ত ঘটনাকেই সিনেম্যাটিক পথে দর্শকদের সামনে তুলে ধরতে চান সৃজিত। এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘ভারতীয় সিনেমায় ‘গুপি গায়েন বাঘা বায়েন’ -একটা ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে। কিন্তু কীভাবে এই সিনেমা তৈরি হল, সেই নেপথ্য কাহিনীটাই আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই।’ ভারতীয় সিনেমায় উদাহরণ হয়ে রয়ে গিয়েছে যে ছবি, তারই নেপথ্য কাহিনী এবার সৃজিতের হাত ধরে আসবে রুপোলি পর্দায়।
এই সিনেমার অন্যতম চমক জিতু কমল। সৃজিতের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ হতে চলেছে। তবে তাঁকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। কিন্তু চমকের এখানেই শেষ নয়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ঋত্বিক ভৌমিক (Ritwik Bhowmik) এবং শতাক্ষী নন্দী (Satakshi Nandy)-ও। সম্প্রতি ‘নধরের ভেলা’ ছবির জন্য প্রশংসিত হয়েছিলেন শতাক্ষী। এছাড়াও থাকছেন সৈরীতি বন্দোপাধ্যায় (Sairity Banerjee) ও অরিজিৎ দত্ত (Arijit Dutta)। সৃজিতের গুরুদক্ষিণা বাংলা ছবিতে নজির তৈরি করতে পারে কি না, দর্শকের নজর সেই দিকে থাকবে।
(Feed Source: abplive.com)
