)
‘রাজ’ ছবিতে নজর কেড়েছিলেন মালিনী শর্মা। এরপর ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান তিনি। অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের পর আরও আড়ালে চলে যান। এখন নিজের হাতে সবজি ফলান, অতিথিদের রান্না করে খাওয়ান এবং প্রকৃতির কাছেই শান্ত জীবন কাটাচ্ছেন। কোথায় থাকেন তিনি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় বলিউডের পর্দায় তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। ‘Raaz’ ছবির মালিনী শর্মাকে নিশ্চয়ই মনে আছে? সিনেমায় তাঁর চরিত্র ছোট হলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। বিশেষ করে ‘আপকে প্যার ম্যায়’ গানে তাঁর উপস্থিতি এখনও অনেকের মনে রয়েছে। কিন্তু হঠাৎই অভিনয় জগত থেকে দূরে সরে যান তিনি। তারপর কেটে গিয়েছে প্রায় ২৩ বছর। এতদিন কোথায় ছিলেন মালিনী? এখন কেমন জীবন কাটাচ্ছেন?
মালিনী শর্মার কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিয়য়োতে দেখা যায় তাঁকে। ‘ক্যায়া সুরত হ্যায়’ এবং ‘সাওয়ান ম্যায় লাগ গয়ি আগ’-এর মতো মিউজিক ভিডিয়ো তাঁকে পরিচিত করে তোলে। এরপর টেলিভিশন শো ‘CATS’-এ অভিনয় করেন মালিনী। সেখান থেকেই তাঁর বলিউডে প্রবেশের রাস্তা তৈরি হয়। ২০০২ সালে বিক্রম ভট্টের হরর ছবি ‘Raaz’-এ অভিনয় করেন তিনি। ছবিতে বিপাশা বসু এবং ডিনো মোরিয়ার সঙ্গে কাজ করেছিলেন মালিনী। সিনেমাটি বড় সাফল্য পায়।
বিয়ে, বিচ্ছেদ, তারপর বলিউড থেকে দূরে
‘Raaz’-এর সময়ই অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় মালিনীর। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পর ধীরে ধীরে অভিনয় জগত থেকেও নিজেকে সরিয়ে নেন মালিনী। তবে তিনি হঠাৎ কোনও বড় ঘোষণা করে বলিউড ছাড়েননি। বরং ধীরে ধীরে ক্যামেরা এবং প্রচারের আলো থেকে দূরে চলে যান।

এখন কেমন জীবন মালিনীর?
এখন আর মুম্বইয়ের ঝলমলে জীবন নয়। সহ্যাদ্রি পাহাড়ের কোলে একেবারে অন্যরকম জীবন বেছে নিয়েছেন মালিনী। পুণের কাছাকাছি প্রায় দু’ঘণ্টা দূরের এলাকায় তিনি একটি ফার্মস্টে চালান। সেখানে নিজের হাতে বিভিন্ন সবজি চাষ করেন। সেই ফার্মের উৎপাদিত সবজি দিয়েই অতিথিদের জন্য রান্না করেন। স্থানীয় খাবার, হস্তশিল্প এবং বিভিন্ন কর্মশালাকে কেন্দ্র করে তাঁর উদ্যোগের নাম দ্য স্লো লোকাল।
২৩ বছর পর আবার ক্যামেরার সামনে
দীর্ঘদিন পর সম্প্রতি আবার ক্যামেরার সামনে ফিরেছেন মালিনী। ‘The Slow Local Diaries’ নামে ভিডিয়ো ডায়েরির মাধ্যমে নিজের বর্তমান জীবনের কিছু ঝলক তুলে ধরছেন তিনি। সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে মালিনী জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং এখানেই রয়েছেন। দীর্ঘদিন পর মেকআপ বা অভিনয়ের চরিত্র ছাড়াই নিজের স্বাভাবিক রূপে ক্যামেরার সামনে এসেছেন তিনি। বলিউডের আলো-ঝলমলে দুনিয়া ছেড়ে প্রকৃতির মাঝে এমন শান্ত জীবন—মালিনী শর্মার এই বদলে যাওয়া জীবন এখন নতুন করে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
(Feed Source: zeenews.com)
