
Bigg Boss Bangla: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ রাত পোহালেই শুরু হতে চলেছে ‘বিগ বস’ বাংলার নতুন সিজন। ৩০ অগাস্ট নতুন রূপে টেলিভিশনের পর্দা কাঁপাতে আসছে ‘বিগ বস’ বাংলা৷
কলকাতা: ‘বিগ বস’-এর মতো শো মানেই ঘটনার ঘনঘটা। প্রায় দশ বছর আগে টিভির পর্দায় দেখা গিয়েছিল বাংলা ‘বিগ বস’। এবার সম্পূর্ণ নতুনভাবে এই শো দেখা যাবে। তবে কারা থাকবেন মহারাজের ঘরে, রাত পোহালেই সেই উত্তর পাবে দর্শকরা।
ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে৷ ‘বিগ বস’ বাংলার নতুন সিজন নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। দীর্ঘ ১০ বছরের বিরতির পর ফিরছে বাংলায় ফিরছে বিগ বস।‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার ‘বিগ বস’ বাংলার ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের দুটি সিজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবছরও যে ‘বিগ বস’ বাংলা ব্লকবাস্টার হিট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
বিগ বস’ বাংলার প্রোমোতে ঘোষণা হয়ে গিয়েছে শো-র ট্যাগলাইন- ‘দুর্গ জয় সহজ নয়’! আগামীকাল ৩০ অগাস্ট, রাত আটটা থেকে সম্প্রচার শুরু হবে শো-এর৷ তাঁর আগেই ফাঁস হয়ে গেল শো-এ বিশেষ মুহূর্ত৷ ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্ল্যাক বিউটি লুকে মুগ্ধ দর্শকরা৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে বিগ বস, কালো পোশাকে রাজকীয় এন্ট্রি মহারাজের৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
হাইভোল্টেজ শো-এর গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা চলছে৷ শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-কে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে ‘বিগ বস’-এর উদ্বোধনী মঞ্চে। পাশাপাশি ফুটবলার দীপেন্দু বিশ্বাসের নামও শোনা যাচ্ছে৷ বিশেষ অতিথি হিসেবে তাকেও দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে।
বিগ বস-এর ঘরে কারা কারা আসতে চলেছেন, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে৷ ইতিমধ্যেই একাধিক নাম প্রকাশ্যে এসেছে৷ তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। গ্র্যান্ড ওপেনিংয়ে রয়েছে একাধিক চমক৷ তবে এখনই সব চমক প্রকাশ্যে আনতে রাজি নন নির্মাতারা৷ ইতিমধ্যেই কানাঘুষোতে শোনা যাচ্ছে, দুর্নিবার সাহা, মনামী ঘোষ, ভরত কল, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, দিব্যেন্দু বিশ্বাস, শন, সোনামনি সাহা, সায়ক, ঝিলম গুপ্ত, নন্দিনী দত্ত, সোহিনী পাল , আলেকজান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল (লাফটার সেন), সৃজলা গুহ, জয়িতা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী রায় দাস-সহ আরও অনেকের নামই শোনা যাচ্ছে৷
এখানেই শেষ নয়, টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, নুসরত জাহান, জীতু কমল, ঊষসী চক্রবর্তী, সায়ক চক্রবর্তী, তিথি বসু-সহ একাধিক তারকার নামও শোনা গেছিল৷ তবে কারা কারা ফাইনালি এই প্রস্তাব গ্রহণ করেছেন তা এখনও জানা যায়নি৷ তবে চর্চিত নামগুলির মধ্যে মনামী ঘোষকে নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে৷ সম্প্রতি মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে তাঁর পুজো দেওয়ার ছবি ভাইরাল হতেই মনামীর ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার সম্ভাবনা উস্কে দিয়েছে। পাশাপাশি অনিন্দ্য সেনগুপ্তকে ঘিরেও দর্শকদের আগ্রহ তুঙ্গে৷
(Feed Source: news18.com)
