)
Bohurupi The Golden Daku: ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র ট্রেলার এখন ভারতে ১ নম্বরে ট্রেন্ডিং। জেল থেকে ছাড়া পেয়ে বিক্রম প্রামাণিক আবার ব্যাঙ্ক ডাকাতি শুরু করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে পুলিস অফিসারের চরিত্রে আছেন যিশু সেনগুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কৌশানী মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের ব্লকবাস্টার সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছে বহুরূপী। মুক্তি পেয়েছে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল ট্রেলার। প্রকাশ পেতেই ট্রেলারটি ইউটিউবে সর্বভারতীয় ট্রেন্ডিং তালিকার শীর্ষে (#1 on all India Trending list) জায়গা করে নিয়েছে। টানটান অ্যাকশন ও নাটকীয়তায় ভরা এই ট্রেলার ঘিরে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।
জেল থেকে মুক্তি পেয়েই আবারও পুরনো পেশায় ফিরছে বিক্রম প্রামাণিক। প্রথম পর্বের জনপ্রিয় সেই চরিত্রে ফের অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে। ট্রেলারের শুরুতেই স্পষ্ট, বিক্রমের অপরাধের যাত্রা এখানেই থেমে যায়নি। জেলমুক্তির পর তাঁর লক্ষ্য একের পর এক ব্যাংক ডাকাতি করা। ফের বিক্রমকে বাগে আনতে কোমর বেঁধে ময়দানে নামছে পুলিস।
এবার শিবপ্রসাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে আসছেন যিশু সেনগুপ্ত। যিশুর চরিত্র এবং বিক্রম প্রামাণিকের মুখোমুখি সংঘাতই এই ট্রেলারের মূল আকর্ষণ। চোর-পুলিসের তীব্র লড়াইয়ের পাশাপাশি বিক্রমের ব্যক্তিগত টানাপোড়েন ও অপরাধ জগতের নানা রহস্যময় দিকও ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে।
ছবির ব্যাপ্তি আগের চেয়ে অনেকটাই বড়। নির্মাতারা জানিয়েছেন, মোট ৯৬টি লোকেশনে এই ছবির শ্যুটিং সম্পন্ন হয়েছে। হাসনাবাদ, টাকি, বারাসত, বর্ধমান, বোলপুর, বিষ্ণুপুর এবং মালদহ-সহ বাংলার নানা প্রান্তে ক্যামেরা ঘুরেছে। প্রায় ২,৫০০ জন শিল্পী ও পারফর্মার এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে মাটির কাছাকাছি বাংলার বৈচিত্র্যময় রূপ পর্দায় জীবন্ত হয়ে উঠেছে।
ছবির নামকরণে রয়েছে ‘দ্য গোল্ডেন ডাকু’। কেন এই বিশেষ নাম? জেলমুক্তির পর বিক্রমের আসল পরিকল্পনা কী, আর কেনই বা সে আবার অপরাধের পথে পা বাড়াল- সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই।
শিবপ্রসাদ ও যিশুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন কৌশানী মুখোপাধ্যায় ও সোহিনী সরকার। কৌশানীকে আবারও দেখা যাবে তাঁর চেনা ‘ঝিমলি’ অবতারে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, প্রদীপ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য এবং চন্দন সেনের মতো দক্ষ অভিনেতারা। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির মূল গল্প তাঁদের দুজনেরই। চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায় এবং ধারালো সংলাপ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।
(Feed Source: zeenews.com)
