১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক

১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক

 

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫ হাজার রান সম্পূর্ণ করেছেন।

সেই সঙ্গে কোহলি দেখিয়ে দিয়েছেন, ওয়ান ডে ক্রিকেটে তাঁর ভার্সন ২.০ যেন তৈরি। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি।

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। ২০২৫ সালের মে মাসে টেস্ট থেকেও অবসর নেন। এখন শুধু একটা ফর্ম্যাটেই খেলেন। ওয়ান ডে।

শুধু ওয়ান ডে ক্রিকেটকে বেছে নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে ০ করেন কোহলি। তাঁর কেরিয়ারে সেই প্রথম পরপর দুই ওয়ান ডে ম্যাচে ০ করেন কোহলি।

শেষ ১০টি ওয়ান ডে ইনিংসে ৮২৫ রান করেছেন বিরাট। ওয়ান ডে ক্রিকেটে টানা ১০ ইনিংস মিলিয়ে এত রান এর আগে মাত্র ৬ বার হয়েছে। যার মধ্যে কোহলিই করেছিলেন দুবার।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে পেসার হোক বা স্পিনার – দুইয়ের বিরুদ্ধে দুরন্ত কোহলি। পেসারদের বিরুদ্ধে ১২৩.৫৪ স্ট্রাইক রেটে রান করছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে স্পিনারদের বিরুদ্ধে ১০৯.৮৭ স্ট্রাইক রেটে রান করছেন। সেই থেকে স্পিনারদের বলে আউট হননি তিনি।

কোহলি এখন আগের চেয়েও বেশি বাউন্ডারি মারছেন। ২০২১-২২ মরশুমে প্রত্যেক ১০.২ বলে বাউন্ডারি মেরেছেন কোহলি। কিন্তু গত ১১ মাসে প্রত্যেক ৭.৩ বলে বাউন্ডারি মারছেন ।

ছক্কা মারার ক্ষেত্রে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন কোহলি। ২০২১-২২ মরশুমে প্রত্যেক ১৭৩.৫ বলে একটি করে ছক্কা মেরেছেন। ২০২৩-২৫ পর্যন্ত প্রতি ছক্কা পিছু নিয়েছেন ১৩৩.৫ বল । তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে প্রত্যেক ২৫ বলে একটি করে ছক্কা মারছেন কোহলি।

৩৭ বছর বয়স । প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ । ওয়ান ডে হোক বা টি-২০ সব বিশ্বকাপ জিতেছেন দেশের হয়ে । ২০২৭ সালে বিশ্বকাপ জিতে কেরিয়ারে ইতি টানতে পারবেন কোহলি ?

(Feed Source: abplive.com)