
Curd: খুব কম বাড়িতেই মিষ্টির দোকানের মতো টাইট দই জমে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দই পাতলা হয়ে জল কেটে গিয়েছে। কোন সিক্রেটে বাড়িতে দোকানের মতো টাইট দই পাতবেন?
দইয়ের উপকারিতা বলে শেষ করা যায় না। দই শরীরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, পেট ঠান্ডা থাকে। কিন্তু তাই বলে দোকান থেকে কেনা দই নয়, রোজের খাওয়ার জন্য বাড়িতেই দই পাতা উচিৎ। কিন্তু অনেকেরই অভিযোগ, বাড়িতে পাতা দই দোকানের মতো জমে না। দইয়ে জল কেটে যায়। কিন্তু এই কৌশলে দই পাতলে, একেবারে দোকানের মতো দই জমবে–
দুধ ফোটানো ও ঠান্ডা করা–ভাল দই পাততে দুধ ফোটানো এবং সঠিক তাপমাত্রায় ঠান্ডা করা গুরুত্বপূর্ণ। প্রথমে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। এর পর কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তবে খেয়াল রাখবেন, দুধ যেন একেবারে ঠান্ডা হয়ে না যায়। সঠিক তাপমাত্রা বোঝার জন্য সহজ একটি পদ্ধতি হল আঙুল দিয়ে পরীক্ষা করা। দুধে আঙুল ডোবালে হালকা গরম লাগবে, আঙুল পুড়ে যাওয়ার মতো গরম যেন না হয়। খুব গরম দুধে দইয়ের সাজা দিলে দই টক হয়ে যায়। আবার বেশি ঠান্ডা দুধে ঠিকমতো দই জমবে না।
কেমন দুধে দই পাতবেন–দোকানের মতো ঘন ও ক্রিমি দই তৈরি করতে চাইলে প্রথমেই সঠিক দুধ বেছে নিতে হবে। দুধে সাধারণত ৩%, ৬% এবং ৯%– ফ্যাট থাকে। দই তৈরির জন্য ৯% ফ্যাটযুক্ত ফুল-ক্রিম দুধ সবচেয়ে ভালো। দুধে ফ্যাটের পরিমাণ যত বেশি হবে, দই তত বেশি ঘন, মসৃণ ও ক্রিমি হবে। অন্যদিকে, টোনড বা কম ফ্যাটযুক্ত দুধ দিয়ে তৈরি দই পাতলা হয় এবং দই থেকে জল ছাড়ে।
মাটির পাত্রে দই পাতুন– যদি বাড়িতে মাটির পাত্র থাকে, তাহলে তাতেই দই বসানোর চেষ্টা করুন। মাটির পাত্র অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে দই আরও ঘন হয়। পাত্রের হালকা মাটির গন্ধ দইয়ের স্বাদ আরও বাড়িয়ে দেয়।
দই বসানোর সঠিক নিয়ম– দুধ সঠিক তাপমাত্রায় এলে তাতে এক চামচ টাটকা দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পাত্রে ঢাকনা চাপা দিন, মোটা কাপড় বা তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন। এতে ভিতরের তাপমাত্রা বজায় থাকবে এবং দই তাড়তাড়ি ও টাইট জমবে। আবহাওয়ার উপর নির্ভর করে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দই না নাড়িয়ে রেখে দিন।
দই ফ্রিজে কেন রাখবেন– দই জমে যাওয়ার পর সঙ্গে সঙ্গে না খেয়ে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা দইকে আরও ভালোভাবে সেট করে, জল ছাড়ে না।
দুধে কী মেশালে দই দোকানের মতো জমবে–সব জায়গায় ৯% ফ্যাটযুক্ত দুধ পাওয়া যায় না। সেক্ষেত্রে দুধের গুঁড়ো ব্যবহার করুন। হালকা গরম দুধে ১ থেকে ২ চা-চামচ দুধের গুঁড়ো মিশিয়ে দিলে দুধের সলিড অংশ বেড়ে যায়। এতে সাধারণ দুধ দিয়েই আরও ঘন ও ক্রিমি দই তৈরি করা সম্ভব। তবে দুধের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে কোনও দলা না থাকে।
(Feed Source: news18.com)
