
তাঁর বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। গোটা বিশ্ব যাঁকে কুর্নিশ করে ‘দ্য ওয়াল,’ ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে।

ভারতকে অজস্র ম্যাচ জিতিয়েছেন। অসংখ্য ম্যাচে পতন রুখে দিয়েছে তাঁর চওড়া ব্যাট।

তিনি রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাট মিলিয়ে ২৪ হাজারের ওপর রান করেছেন ভারতের হয়ে।

এবার ক্রিকেট মাঠে ঝড় তুলেছেন রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়। অনূর্ধ্ব ১৯ বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটকের হয়ে দিল্লির বিরুদ্ধে ৪১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন।

দিল্লির বিরুদ্ধে রানের পাহাড়ে কর্নাটক। সোমবার ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৮ রান তুলেছে কর্নাটক।

কথায় আছে, বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, কুছ নহি তো থোড়া থোড়া। সেটাই ব্যাট হাতে বাইশ গজে প্রমাণ করে চলেছেন দ্রাবিড়-পুত্র।

১৭ বছরের অনভয় দ্রাবিড় রাহুলের কনিষ্ঠ পুত্র। আগ্রাসী ব্যাটিং করেছেন দিল্লির বিরুদ্ধে।

পাঁচটি ছক্কা ও সাতটি বাউন্ডারি দিয়ে সাজানো অনভয়ের ইনিংস। ২০৭.৩২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।

এর আগে শনিবার চণ্ডীগড়কে ১০০ রানে হারিয়েছে কর্নাটক। সেই ম্যাচেও বিধ্বংসী ছন্দে ছিলেন অনভয়। ৬২ বলে করেছিলেন ১০৪ রান।

সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে বাবার মতো ধীরভাবে ইনিংস গড়ে তোলার চেয়েও আগ্রাসী ব্যাটিং বেশি পছন্দ করেন, বুঝিয়ে চলেছেন অনভয়। – X, IANS
(Feed Source: abplive.com)
