চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স

চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স

হায়দরাবাদ: ২৪৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা ভারতের সামনে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে পৌঁছতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ম্যাচ হারের পরই দলের বোলিং লাইন আপের সমালোচনায় মুখর হলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ক্যারিবিয়ান ক্যাপ্টেন চলতি ভারত সফরে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। যা ভারতীয় বোলিংয়ের দৈন্যদশাটা আরও বেশি করে পরিষ্কার করে দিয়েছে।

চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ২৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। শাই হোপের ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৫ উইকেট নিয়েছেন কিমো পল। শ্রেয়স বলছেন, ‘আমরা সঠিক লাইন, লেংথ রেখে বোলিং করতে পারিনি। যার জন্য শেষ পর্যন্ত ২৫০ রানের কাছাকাছি আমাদের তাড়া করতে হয়েছে। আর এত বড় লক্ষ্যমাত্রা হয় যখন, তখন নির্দিষ্ট কিছু পদ্ধতিতে এগোতে হয়। একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’

 

 

চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। জুয়েল অ্যান্ড্রু প্রথম থেকেই ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেন। অক্ষর প্যাটেলের বলে অ্যান্ড্রু আউট হলেও শাই হোপ ও শিমরন হেটমায়ার দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ারপ্লের ছয় ওভারে ৭৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, যা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই পর্যায়ে যুগ্ম সর্বোচ্চ স্কোর। মাত্র ৪২ বলে ১০০ রান পূর্ণ করে ক্যারিবিয়ানরা।

এরপর রভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান হোপ। রাদারফোর্ডের সঙ্গে তাঁর ৪৩ বলে ৯১ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। হোপ অপরাজিত শতরান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। জবাবে রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন সঞ্জু স্যামসন। মাত্র ২০ বলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্রুততম অর্ধশতরানের সমান কীর্তি গড়েন তিনি। কিন্তু কিমো পল স্যামসন ও ঈশান কিষাণকে ফিরিয়ে ভারতকে ধাক্কা দেন। এরপর শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে চাপে পড়ে ভারত। গুদাকেশ মোটি পরপর বলে অভিষেক শর্মা ও নমন ধীরকে আউট করেন। তিলক বর্মা ও নীতীশ কুমারের ৩২ বলে ৭২ রানের জুটি লড়াইয়ে ফেরার আশা জাগালেও কিমো পলের পাঁচ উইকেট সেই সম্ভাবনা শেষ করে দেয়। শেষ পর্যন্ত ২৪ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

(Feed Source: abplive.com)