Vaibhav Sooryavanshi: চলতি বছর আইপিএল ২০২৬ মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে অবিশ্বাস্য ব্যাটিং করে ৭৭৬ রান করার সুবাদে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তরুণ বৈভব।
বৈভব সম্পর্কে বড় মন্তব্য শ্রেয়সসের!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে একটিও ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি বৈভব সূর্যবংশী। ১৫ বছরের তরুণ তারকার অপেক্ষা যে আরও বাড়তে পারে সিরিজ শেষে তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এক সাক্ষাৎকারে আইয়ার সাফ জানান যে, দলের হয়ে ম্যাচ জেতানো এবং বিশ্বকাপ এনে দেওয়া অভিজ্ঞ ওপেনারদের একপাশে সরিয়ে এখনই নতুন কাউকে নিয়মিত সুযোগ দেওয়া সম্ভব নয়।
চলতি বছর আইপিএল ২০২৬ মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে অবিশ্বাস্য ব্যাটিং করে ৭৭৬ রান করার সুবাদে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তরুণ বৈভব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় স্কোয়াডেও জায়গা পান তিনি। ইংল্যান্ড সফরে প্রথম প্লেয়িং ইলেভেনে জায়গা পেলেও খুব একটা দাগ কাটতে পারেননি। তারপর জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মাত্র ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।
অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, “আমি ওকে একটাই কথা বলি—তুমি তোমার সুযোগ অবশ্যই পাবে। তবে মনে রাখতে হবে যে, এই দুই ব্যাটার দেশের হয়ে বিশ্বকাপ জয়ের মূল কারিগর এবং তাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত ধারাবাহিক পারফর্ম করে চলেছেন।” উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে সঞ্জু স্যামসন ৩৩.৬ গড় এবং ১৯৫.৩৪-এর আকাশছোঁয়া স্ট্রাইক রেটে মোট ১৬৮ রান করে নিজের অবস্থান আরও পোক্ত করেছেন।
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তরুণ বৈভের মনের অবস্থা কী হতে পারে, তা খুব ভালো করেই অনুধাবন করতে পারছেন আইয়ার। এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি জানি অসাধারণ আইপিএল মরশুম কাটানোর পর ও কতটা উদগ্রীব, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আমাদের হাতে দুজন বিশ্বমানের ওপেনার রয়েছেন, যাঁরা সবসময় দলের ভরসার কেন্দ্রবিন্দু।”
উল্লেখ্য, ইংল্যান্ড সফরে সঞ্জু স্যামসন টানা কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ায় অভিষেক ঘটেছিল বৈভের। কিন্তু সেই সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে না পারায় এবং শেষ ম্যাচে সঞ্জু ফের একাদশে ফিরে আসায় বৈভবের জন্য পথ আপাতত কিছুটা কঠিন। তবে আফগানিস্তান সিরিজ থেকেই টিম ম্যানেজমেন্ট তরুণ এই প্রতিভাকে সঠিক মানসিকতা বজায় রেখে কেবল নিজেদের প্রক্রিয়ার ওপর ভরসা রাখারই পরামর্শ দিয়ে আসছে।
(Feed Source: news18.com)