পঞ্জাবের বিরুদ্ধেও হার, প্লে অফের দৌড় থেকে পাকাপাকি ছিটকে গেল সিএসকে

পঞ্জাবের বিরুদ্ধেও হার, প্লে অফের দৌড় থেকে পাকাপাকি ছিটকে গেল সিএসকে

চেন্নাই: শ্রেয়সের দায়িত্বশীল অর্ধশতরান, ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধেও হেরে প্লে অফের সম্ভাবনা পুরো শেষ সিএসকের। বল হাতে হ্য়াটট্রিক করেছিলেন যুজবেন্দ্র চাহাল। স্যাম কারানের ঝোড়ো ৮৮ রানের ইনিংসকে ফিকে করে এবার পঞ্জাবের হয়ে ম্য়াচ জেতানো অর্ধশতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার। সিএসকে ঘরের মাঠেও হেরে গেল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। একইসঙ্গে পাকাপাকিভাবে এবার চলতি আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মহেন্দ্র সিংহ ধোনির দল। বাকি আরও ৪টি ম্য়াচ। কিন্তু সেগুলো জিতলেও কোনওভাবেই প্লে অফে পৌঁছানো হবে না সিএসকের। এদিন ১৯১ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ম্য়াচ জিতে যায় পঞ্জাব কিংস।

১৯১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল পঞ্জাব কিংস। দলের ২ তরুণ আনক্যাপড ওপেনার প্রত্যেক ম্য়াচেই পাওয়ার প্লে-তে দুর্দান্ত শুরু করছেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথম চার ওভারেই চল্লিশের ওপর রান তুলে নিয়েছিল পঞ্জাব। শেষ পর্যন্ত পঞ্জাব শিবিরে প্রথম আঘাত হানেন খলিল আহমেদ। পঞ্চম ওভারে প্রিয়াংশকে ফিরিয়ে দেন তিনি। ধোনির হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ২৩ রান করে ফেরেন প্রিয়াংশ। তবে প্রভসিমরন এদিনও রান পেলেন। তিনি অর্ধশতরান পূরণ করেন। উল্টোদিকে শ্রেয়সের যোগ্য সঙ্গ পাচ্ছিলেন। প্রভসিমরন ৫৪ রানে ফিরে যাওয়ার পর ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন পঞ্জাব অধিনায়কও। প্রভসিমরন তাঁর ৩৬ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান। শ্রেয়স ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে পাথিরানার বলে যখন বোল্ড হলেন তখন পঞ্জাব ম্য়াচ জিতে ফেলেছে প্রায়। শশাঙ্ক ১২ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ১টি বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ম্য়াচ জিতে যায় পঞ্জাব।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। চেন্নাইয়ের ২ তরুণ ওপেনার আয়ুশ মাথরে ও শায়িক রশিদ এদিন বড় রান করতে পারেননি। একজন ৭ ও একজন ১১ রান করেই প্যাভিলিয়ন ফেরেন। এরপর রবীন্দ্র জাডেজাকে নিয়ে স্য়াম কারান দলের হাল ধরেন। এবারের মরশুমে প্রথম থেকে খেলার সুযোগ পাননি একাদশে। এদিন গুরুত্বপূর্ণ ম্য়াচে স্যাম কারানের ব্যাট থেকে এল ৪৭ বলে ৮৮ রানের ঝকঝকে ইনিংস। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। জাডেজা চারটি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। এবার চেন্নাই নিলাম থেকে তুলে নিয়েছিলেন প্রোটিয়া তরুণ ডেওয়াল্ড ব্রেভিসকে। ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন দুটো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য়ে।

এই হারের সঙ্গে সঙ্গে সিএসকে টানা দ্বিতীয় মরশুমে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। অন্য়দিকে পঞ্জাব ১০ ম্য়াচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেল।

(Feed Source: abplive.com)