
নয়াদিল্লি: আইপিএলে হইচই ফেলে দিয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছে। সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছে। ৩৩ বলে ৪টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫৭ রান করেছে। ১৮৮ রানের লক্ষ্যে তাড়া করার সময় বৈভব রাজস্থানকে ভাল শুরু দিয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সিএসকে এই মরশুমে তাদের দশম ম্যাচ হেরেছে। রাজস্থান ১৭.১ ওভারেই লক্ষ্যপূরণ করে ফেলে। মাত্র ৪ উইকেট হারিয়ে। ৬ উইকেটে জয়ী হয়েছে রাজস্থান।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে ১৮৭ রান করেছিল। আয়ুষ মাত্রে ৪৩ ও ডেওয়াল্ড ব্রেভিস ৪২ রানের ইনিংস খেলেছিলেন, শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করেছিলেন। এমএস ধোনি ১৬ রান করেছেন। যদিও ১৭ বল খেলে। ধোনির মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে।
ম্যাচ শেষ হওয়ার পর ধোনিকে প্রণাম
ম্যাচ শেষ হওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন বৈভব সূর্যবংশীকে দেখা যায় এমএস ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তার ধোনিকে প্রণাম করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রণাম করার সময় দেখা যায় ধোনি বৈভবকে কিছু বলছেন। যা শুনে বৈভব হাসে।
এর আগে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখনও সূর্যবংশী ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। যদিও সেই সময় বৈভব রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে ছিল না। পরে সঞ্জু স্যামসন চোট পাওয়ায় নিয়মিতভাবে প্রথম একাদশে সুযোগ পেতে শুরু করে বিহারের কিশোর ক্রিকেটার। যাকে ক্রিকেট বিশ্বের নতুন বিস্ময় বলা হচ্ছে।
VAIBHAV SURYAVANSHI TOUCHING MS DHONI’S FEET. 🥹
– A beautiful moment in the IPL. ❤️pic.twitter.com/Yrl5sbW7tR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 20, 2025
চেন্নাইয়ের দশম হার
এটি চেন্নাই সুপার কিংসের চলতি আইপিএলে দশম হার ছিল। এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস মাত্র ৩ ম্যাচ জিতেছে, তারা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়া প্রথম দল ছিল। রাজস্থান রয়্যালসও প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় তারপর।
এখনও পর্যন্ত গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে যদি মুম্বই জেতে, তাহলে তারা প্লে অফের টিকিট নিশ্চিত করবে।
(Feed Source: abplive.com)
