Security breach at KL Rahul Kriti Sanon Home: সইফের পর এবার মধ্যরাতে কৃতি-রাহুলের আবাসনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, বিপদের আভাস পেয়েই…

Security breach at KL Rahul Kriti Sanon Home: সইফের পর এবার মধ্যরাতে কৃতি-রাহুলের আবাসনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, বিপদের আভাস পেয়েই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) মন্নতে ঢুকে সুইমিং পুলে স্নান করছিলেন তাঁর এক ফ্যান। অন্যদিকে সলমান (Salman Khan) ডেকেছে বলে তাঁর বাড়ি গ্যালাক্সিতে ঢুকে আসে এক ব্যক্তি। তবে এ তো গেল ফ্যানেদের পাগলামি। কিন্তু এর মাঝেই ঘটে যায় এক দুর্ঘটনা। সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে আসে দুষ্কৃতীও। কী করে এত নিরাপত্তা এড়িয়ে তারকাদের অন্দরমহলে ঢুকছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এবার ফের সেরকমই এক ঘটনা ঘটল সেই বহুতলে যে আবাসনে একাধিক তারকা বাস করেন। সেই বহুতলে থাকেন কৃতি স্যানন (Kriti Sanon), কে এল রাহুল (KL Rahul), জাভেদ জাফরি (Javed Jaaferi) সহ আরও অনেকেই।

মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত সান্ধু প্যালেস বিল্ডিংয়ে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই বহুতলে অনুপ্রবেশ করে বলে অভিযোগ রয়েছে। সূত্রের খবর অনুসারে, রাত প্রায় ১টা নাগাদ ওই ব্যক্তি লিফটে ঢুকে প্রথমে কয়েকটি বড় পাথর ভেতরে রেখে দেয়। এরপরই সিসিটিভি ক্যামেরার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে সে। এমনকি লিফটের মধ্যে দাঁড়িয়ে থেকেই নানা রকম অদ্ভুত আচরণ করতে দেখা যায় অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেসব দৃশ্য।

বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা প্রথমে বিষয়টি টের পান এবং তৎক্ষণাৎ পুলিসে খবর দেন। পরে খার থানার পুলিস এসে অভিযুক্তকে আটক করে। জানা গিয়েছে, ওই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নেই। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খার থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। বর্তমানে এই আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । বাসিন্দাদের অভিযোগ, বহুতলটি অত্যন্ত সুরক্ষিত হলেও কীভাবে একজন বহিরাগত এমন অনায়াসে ভিতরে প্রবেশ করল? সেটাই ভাবাচ্ছে।

প্রসঙ্গত, ২৬ মে অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতেও এক নারী অনুপ্রবেশ করেছিলেন। আদিত্যর বাড়িতে ঢুকে পড়া ওই মহিলাকে ৪৭ বছর বয়সী গজালা সিদ্দিক বলে শনাক্ত করা গিয়েছে। নিজেকে দুবাইয়ের বাসিন্দা বলে দাবি করেন তিনি। বছরের শুরুতেই সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল।‌ সব মিলিয়ে তারকাদের বাড়িতে এভাবে অজ্ঞাত মানুষদের ঢুকে পড়া চিন্তার ভাঁজ ফেলছে অনুরাগীদের মনে।

(Feed Source: zeenews.com)