
সন্দীপ সরকার, কলকাতা: বাংলা দলে তিনি যেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) শাহরুখ খান (Shah Rukh Khan)। কেকেআর শিবিরের যে কাউকে প্রশ্ন করুন। সাফল্যে দলের সবচেয়ে বড় চিয়ারলিডার টিম মালিক। ব্যর্থতায় সবচেয়ে বড় অনুপ্রেরণাও কিংগ খান।
সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) এখন বাংলা দলের চিয়ারলিডার। মেন্টর। সিএবি প্রেসিডেন্ট হয়ে ফেরার পর বাংলার প্র্যাক্টিসে হাজির হয়ে যাচ্ছেন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগের ম্যাচে মাঠে বসে দলের খেলা দেখেছেন। ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। প্র্যাক্টিসের সময় বাংলার ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচের আগে মেন্টর হিসাবে দাদার ভূমিকার কথা শোনা গেল বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের মুখে।
অভিমন্যু বললেন, ‘সৌরভ স্যর সব সময়ই উৎসাহ দেন। উত্তরাখণ্ড ম্যাচের সময়ও ক্রিকেটারদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন। এরকম একজনের কাছে অনুপ্রেরণা পেলে গোটা দল উজ্জ্বীহিত হয়।’
উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ সরাসরি জিতে ৬ পয়েন্ট পেয়ে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা। শনিবার থেকে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ বাংলার। প্রতিপক্ষ গুজরাত। যারা প্রথম ম্যাচে খাতায়-কলমে দুর্বল অসমের কাছে আটকে গিয়েছিল। প্রথম ইনিংসে ড্র করার সুবাদে তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। গুজরাতকে হারিয়ে দেওয়া মানে পরের পর্বের দিকে পা এক কদম বাড়িয়ে রাখবে বাংলা।
যে ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিল বাংলা শিবির। এবং সেই পরিবর্তনে রয়েছে চমক। কারণ? খুব সম্ভবত একাদশে সুযোগ পেতে চলেছেন শাহবাজ আমেদ। চোটের জন্য যাঁর প্রথম ২-৩ ম্যাচে খেলার কথা ছিলই না। কিন্তু ফিটনেস টেস্টে পাশ করে তিনি গুজরাতের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত। বাংলা শিবির সূত্রে খবর, আগের ম্যাচে খেলা বিশাল ভাটিকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে স্পিনার অলরাউন্ডার শাহবাজকে। শাহবাজ খেললে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংও আরও শক্তিশালী হবে বলে দাবি বাংলা শিবিরের।
গুজরাতের বিরুদ্ধেও চার পেসারে দল নামানোর নকশা পাকা বাংলার। মহম্মদ শামি, আকাশ দীপ, ঈশান পোড়েল ও সূরয সিন্ধু জয়সওয়াল – চার পেসারকে দিয়ে ৬ পয়েন্টের অঙ্ক কষছে কোচ লক্ষ্মীরতন শুক্লর দল। উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগের ম্যাচে পিচ থেকে পেসাররা পর্যাপ্ত সাহায্য় পাননি বলে প্রশ্ন উঠেছিল। তবে গুজরাতের বিরুদ্ধে পিচে বাড়তি গতি ও বাউন্স থাকবে বলে পূর্বাভাস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।
সরাসরি জয়ের জন্যই ঝাঁপাতে চায় বাংলা।
(Feed Source: abplive.com)
