গ্রিনের পর ফের বিরাট দর, এবার ইতিহাস গড়ে পাথিরানাকে দলে নিল কেকেআর

গ্রিনের পর ফের বিরাট দর, এবার ইতিহাস গড়ে পাথিরানাকে দলে নিল কেকেআর
আবু ধাবি: গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ফাস্ট বোলিং, বিশেষত ডেথ বোলিংয়ে বেশ সমস্যা হয়েছিল। সেক্ষেত্রে এবারের আইপিএল নিলামে (IPL Auction 2026) কেকেআর কোনও তারকা ফাস্ট বোলারের পিছনে ছুটতে পারে বলে মনে করা হচ্ছিল। অনেকেই নিলামে থাকা বোলারদের মধ্যে মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) সেরা ফাস্ট বোলিং বিকল্প হিসাবে মনে করছিলেন। সেই পাথিরানাকেই এবার দলে নিল নাইট রাইডার্স।

লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কড়া দর কষাকষির পর পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে নাইট বাহিনী। আইপিএলের নিলামের ইতিহাসে কোনও শ্রীলঙ্কান ক্রিকেটারের জন্য এটাই সর্বকালের সর্বাধিক দাম। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙে দিলেন পাথিরানা। বর্তমানে পাথিরানা বেশ ভাল ছন্দেও রয়েছেন।

গতকালই আইএলটি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে মেডেন উইকেটসহ চার ওভারে ম্যাচ জেতানো তিন উইকেট নেন তিনি। নাইট ম্য়ানেজমেন্ট কিন্তু আসন্ন আইপিএলেও পাথিরানার থেকে এমনই পারফরম্যান্সের আশা করবে। আইপিএলে ২২ বছর বয়সি তারকা ফাস্ট বোলার ৩২ ম্যাচ খেলে ৪৭টি উইকেটও নিয়েছেন। তাঁকে সিএসকে ছেড়ে দেওয়ায় অনেকেই খানিকটা অবাক হয়েছিলেন। এবার তাঁকে দলে নিয়ে নিল কেকেআর।

প্রসঙ্গত, এবারের আইপিএলের মিনি নিলামে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন। প্রাথমিকভাবে আইপিএল নিলামে নাম দেওয়া ১৩৯০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছিল। এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটারকে আইপিএল নিলামের জন্য বাছাই করা হয়েছিল।

তবে শেষবেলায় একা অভিমন্যু ঈশ্বরণ নন, আরও ১৯ জন ক্রিকেটারকে আইপিএলের নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে নিলামে উঠতে চলা ক্রিকেটারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯। এই নিলামের তালিকায় যুক্ত হওয়া ১৯ জন ক্রিকেটারের মধ্যে কেরল উইকেটরক্ষক কেএল শ্রীজিতের মতো বেশিরভাগই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার। তবে সেই তালিকায় আবার ঈশ্বরণ যেমন রয়েছেন, তেমন রয়েছেন একাধিক ক্য়াপড বিদেশি ক্রিকেটারও।

(Feed Source: abplive.com)