Aamir Khan Visits Arijit Singh’s Home: অরিজিত্‍, সুরহারা কোরো না! অবসর ঘোষণার পরই জিয়াগঞ্জে সোমুর বাড়ি আমির খান…

Aamir Khan Visits Arijit Singh’s Home: অরিজিত্‍, সুরহারা কোরো না! অবসর ঘোষণার পরই জিয়াগঞ্জে সোমুর বাড়ি আমির খান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সপ্তাহে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসরের আকস্মিক ঘোষণা এক লহমায় স্তব্ধ করে দিয়েছিল ভারতীয় সংগীত জগতকে। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সেই বার্তার পর থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা। কেউ লবি রাজনীতির দিকে আঙুল তুলেছেন, কেউ বা খুঁজেছেন রাজনৈতিক অভিসন্ধি। কিন্তু সব জল্পনাকে ছাপিয়ে সোমবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। অরিজিতের সাধারণ বাড়ির দরজায় হাজির হলেন খোদ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতেই কলকাতায় আসেন আমির। সোমবার সাতসকালে সড়কপথে রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক বাড়িতে তাঁদের এই সাক্ষাৎ ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা। অরিজিৎ বরাবরই প্রচারের আলো থেকে দূরে নিজের শেকড়ে ফিরে যেতে ভালোবাসেন, আর আমির খানও বেছে কাজ করার জন্য পরিচিত। এই দুই তারকার রসায়ন ‘দঙ্গল’-এর সময় থেকেই অত্যন্ত গভীর। অরিজিতের ‘তেরে হাওয়ালে’ বা ‘গিলহরিয়াঁ’-র মতো গানগুলো আমিরের নিখুঁত অভিনয়ের সাথে একাত্ম হয়ে গিয়েছিল।

অনুরাগীদের ধারণা, অরিজিতকে তাঁর অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করতেই আমিরের এই ঝটিকা সফর। কারণ, আমিরের আগামী মেগা প্রজেক্টে অরিজিতের কণ্ঠ ছিল অপরিহার্য। অন্যদিকে, জিয়াগঞ্জে অরিজিতের সমাজসেবামূলক কাজের প্রতিও আমিরের বিশেষ শ্রদ্ধা রয়েছে। কয়েক বছর আগে একটি ভার্চুয়াল দাবা প্রতিযোগিতায় তাঁদের একসাথে দেখা গিয়েছিল।

এখন প্রশ্ন উঠছে, আমির কি পারবেন প্রিয় গায়ককে আবার রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতে? নাকি জিয়াগঞ্জের শান্ত পরিবেশে দুই বন্ধুর এই একান্ত আলাপচারিতা কোনো নতুন সৃজনশীল উদ্যোগের ইঙ্গিত? অরিজিৎ সিং যথারীতি নীরব থাকলেও, আমিরের এই সফরই বুঝিয়ে দিচ্ছে যে ‘জিয়াগঞ্জের ভূমিপুত্র’কে ছাড়া বলিউড আজও অসম্পূর্ণ।

(Feed Source: zeenews.com)