
ইতিমধ্যেই ছবির প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতা শহর জুড়েই হয়েছে ছবির প্রথম পর্যায়ের শ্যুটিং। শহরের ৩ দম্পতি, জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে। নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে যাচ্ছে তাঁরা। তাঁরা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়। একে অপরকে চেনেও না, তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।
ছবিতে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সৃজনীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। শান্তনু চরিত্রে দেখা যাবে অনির্বান চক্রবর্তীকে। অন্যদিকে অনামিকা চরিত্রে কনীনিকা ও তৃষার চরিত্রে অঙ্গনা রায়কে ও রাহুল চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিমব্বিওয়ালকে। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান, যা শোনা যাবে জনপ্রিয় শিল্পীদের কন্ঠে। পরিচালক প্রার্জুন মজুমদার বলেছেন, ‘এই ছবিতে কলকাতা শহর ও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেঁধে থাকে, সেগুলোই বড়পর্দায় তুলে ধরা হবে। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সাথে নিজের সম্পর্কের কথা বলবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ চলতি বছরে ছবিটি মুক্তি পাবে প্রযোজক আকাঙ্শা রায় ও প্রার্জুন মজুমদার এর প্রযোজনাতে ‘স্ট্যাগড ফিল্মস’ এর ব্যানারে। ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে এই মাসেই।
অন্যদিকে, নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় নয়, তিনি পরিচালনার দায়িত্বে থাকছেন এই ওয়েব সিরিজে। এই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। তবে এই ওয়েব সিরিজের শ্যুটিং কবে শুরু হবে বা সিরিজটি ঠিক কী নিয়ে, তা নিয়ে এখনও প্রযোজনা সংস্থা নতুন কোনও তথ্য দেয়নি। একদিকে যেমন তিনি পরিচালনা করছেন, তেমনই নতুন গোয়েন্দা হয়েও পর্দায় দেখা যাবে তাঁকে। গোয়েন্দা আদিত্য মজুমদারের ভূমিকায় ‘হইচই’-তে দেখা যেতে চলেছে তাঁকে। নতুন এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন, অরিত্র সেন। এই সিরিজ নিয়ে পরমব্রত বলছেন, ‘আপনারা সবাই পরিচালক হিসেবে আমায় ‘হইচই’-তে কাজ করতে দেখেছেন। কিন্তু এই বছরে, অভিনেতা হিসেবে আমি একটা নতুন ইনিংস শুরু করতে চলেছি। আমি যে গোয়েন্দা চরিত্রটিতে অভিনয় করব, তিনি আমার আপনার মতোই মানুষ। কিন্তু যখন কোনও রহস্য সমাধান করতে হয়, তার জুড়ি মেলা ভার।’
(Feed Source: abplive.com)
