
কলকাতা: সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের (Singer Sunidhi Chauhan) অনুষ্ঠান মানেই তো পাওয়ার প্যাকড পারফর্মম্যান্স আর চূড়ান্ত এনার্জি মঞ্চ জুড়ে। ২০২৫ সাল থেকেই, ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’ (I Am Home India Tour 2025–26)-এর কারণে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন তিনি। সম্প্রতি লখনউ-তে তাঁর একটি অনুষ্ঠান ছিল। সেি শো-তে অভ্যাসমতো গান পরিবেশন করছিলেন সুনিধি। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চেই গলা ধরে আসে তাঁর। কেঁদে ফেলেন তিনি। কী হয়েছে সঙ্গীতশিল্পীর?
এর আগে, কখনও শো করতে গিয়ে এমনটা ঘটেনি সুনিধির সঙ্গে। গান গাইতে গাইতে গলা ধরে আসার মতো ঘটনা মঞ্চে আগে হয়নি। গান গাইতে গাইতে, হঠাৎ গান থামিয়ে সুনিধি বলে ওঠেন, ‘আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি, যে কোনও পরিস্থিতি হোক, আপনারা আমার সঙ্গে রয়েছেন। তবে আমি থামতে চাই না, গান গেয়ে যেতে চাই।’ এই কথা বলতে বলতে আবেগে গলা ধরে আসে সুনিধি চৌহানের। তিনি বলেন, ‘হে ঈশ্বর, আমার সঙ্গে এইরকম ঘটনা এর আগে কখনও হয়নি। আমি দুঃখিত। আসলে আমি যখন গান গাই, তখন নিজের ১০০ শতাংশ দিতে চাই। সেটাই গলার জন্য পারছি না।’
এদিন মঞ্চে চোখে জল নিয়ে সুনিধি চৌহান আরও বলেন, ‘আপনারা আমায় ক্ষমা করে দিন। আমি গান গাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও হয়তো খুব ভাল হবে না, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। দয়া করে আমায় ক্ষমা করে দিন। আপনাদের সকলের ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’ প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সুনিধির এই ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’। ইতিমধ্যেই একাধিক জায়গায় অনুষ্ঠান করেছেন তিনি। আগামীতে কলকাতাতেও তাঁর অনুষ্ঠান করার কথা।
এর আগে সুনিধি চৌহান দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড় ও ইন্দৌরেও শো করেছেন। আগামী শনিবার কলকাতায় শো করবেন তিনি। তবে লখনউয়ের অনুষ্ঠানে তিনি নিজের ১০০ শতাংশ দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন বারে বারে। অনুরাগীরা অবশ্য সঙ্গীতশিল্পীর এই ব্যবহারের জন্য সমবেদনাই জানিয়েছেন। তাঁরা মনে করছেন, টানা শো করার কারণেই সুনিধির গলার ওপর ভীষণ চাপ পড়ছে। সেই কারণেই গলা মাঝে মাঝে তাঁর সঙ্গ দিচ্ছে না। একটু বিশ্রাম পেলে তাঁর গলা ফের আগের মতোই সাবলীল হয়ে যাবে।
(Feed Source: abplive.com)
