
কলকাতা: একটা সময়ে বলিউডের কেউই তাঁর খবর কার্যত জানতেন না। একসময়ের লাস্যময়ী অভিনেত্রী যে কোথায় হারিয়ে গেলেন, সেই উত্তর ছিল না কারও কাছেই। তবে হঠাৎ, ২০২৫ সালে কুম্ভমেলার সময় শিরোনামে চলে আসেন তিনি। মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। কুম্ভ স্নান করে, দীক্ষা নেন তিনি। সেই সময়ে বলা হয়েছিল, কিন্নর আখড়া থেকে যাবতীয় নিয়ম মেনে মমতা কুলকার্নিকে মহামন্ডলেশ্বর-এ উন্নীত করা হয়েছে। তাঁর নাম বদলে রাখা হয়েছিল, শ্রী যমাই মমতা নন্দগিরি রাখা হয়েছে। পিণ্ডদান সহ, মহামন্ডলেশ্বর হওয়ার যাবতীয় রীতিনীতি নাকি মেনেছিলেন মমতা।
সেই সময়ে কিন্নড় আখড়ার তরফ থেকে বলা হয়েছিল, ‘গত দেড় বছর ধরে উনি আমার আর কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেই চলছিলেন। এর আগে জুনা আখড়ার মহামন্ডলেশ্বরের সঙ্গে দীক্ষা নিয়েছিলেন উনি। ওঁর গুরু ব্রহ্নলীন হওয়ার পরে, মমতা কোনও দিশা খুঁজে পাচ্ছিলেন না। দু-তিন মাস আগে উনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে উনি সনাতন ধর্মের সঙ্গে সরাসরি ও পুরোপুরি যুক্ত হতে চান। উনি নিজেই আখড়াতে এসে বলেছিলেন, ওঁর কোনও একটা পদ চাই। মহামন্ডলেশ্বর হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মমতা, বলেন বৃন্দাবনের আশ্রমের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চান। এই কথা শুনে ওঁর সামনে আমরা কিছু শর্ত রেখেছিলাম। আমরা বলেছিলাম, ওঁকে সন্ন্যাস নিতে হবে। অন্য পৃথিবী ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকতে হবে। সনাতন ধর্ম কারও শিল্পের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করে না। তাই মমতাকে বলা হয়েছিল, কোনও ধার্মীক চরিত্র পেলে তিনি অভিনয়ও করতে পারেন। যাঁরাই সনাতন হতে চাইবেন, সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে এই ধর্ম। মমতা সম্পূর্ণভাবে সনাতন হতেই চেয়েছিলেন। যে সনাতন ধর্মাবলম্বী, কিন্নর আখাড়া তাঁদের নিজের করে নেবেই। সনাতন ধর্মের প্রচার ও প্রসার নিয়ে মমতা কাজ করুক, এটাই আমার ইচ্ছা।’
কুম্ভস্নান করে, গেরুয়া বস্ত্র ধারণ করে মহামন্ডলেশ্বর হয়েছিলেন মমতা, কিন্তু তারপরেই ছন্দপতন। কিন্নর আখড়া থেকে জানানো হয়, নিয়ম না মেনেই নাকি মহামন্ডলেশ্বর-এর মতো সম্মানিয় পদ দেওয়া হয়েছে মমতাকে। এরপরে, তর্ক-বিতর্কে মমতা জানান, তিনি মহামন্ডলেশ্বর পদ ছেড়ে দিতে চান। তবে এই পর্যন্তই। মমতা জানিয়েছিলেন, তিনি আধাত্মবাদের পথের থাকবেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই, তাঁর এ কি ভোলবদল। সোশ্যাল মিডিয়ায় সদ্যই একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছেন মমতা কুলকার্নি! কোথায় সেই গেরুয়া বসন, কপালে তিলক! দামি রোদচশমা পরে, ‘গার্লস গ্য়াং’-এর সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মমতা কুলকার্নি!
সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছেন মমতা কুলকার্নি। সেখানে তিনি আলাপ করিয়ে দেন তাঁর ‘গার্লস গ্যাং’-এর সঙ্গে, যাঁদের সঙ্গে তিনি গোয়ায় ছুটি কাটাতে এসেছেন। পাশাপাশি তিনি বলেন, তিনি একটি AI সানগ্লাস ব্যবহার করছেন। এর অনেক ফিচার রয়েছে। প্রত্যেকের উচিত এই রোদচশমা অন্তত একবার ব্যবহার করে দেখার। প্রসঙ্গত, এই সানগ্লাসের দাম দেড় লাখের কিছু বেশি!
(Feed Source: abplive.com)
