
কলকাতা: সালটা ২০২১। মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে আরও কয়েকজন সঙ্গীদের সঙ্গে গ্রেফতার হন আরিয়ান খান (Aryan Khan)। শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র। আরিয়ান। অভিযোগ, তিনি নাকি নিষিদ্ধ মাদক দ্রব্য বহন করছিলেন। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বেকসুর খালাস পেয়ে গিয়েছেন আরিয়ান। তাঁর বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণ মেলেনি। তবে আরিয়ানকে যিনি গ্রেফতার করেছিলেন, সেই সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) এখনও জড়িয়ে বিভিন্ন মামলায়! তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। অভিযোগ ছিল, শাহরুখ পুত্রকে বাঁচানোর জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন! সেই মামলার কি অবশেষে নিস্পত্তি হল?
২৩ মার্চ এই মামলার শুনানির দিন ছিল। মুম্বই হাইকোর্টে এই মামলা চলছে। এদিন আদালতকে সমীর ওয়াংখেড়ে জানান, তিনি শাহরুখ খানের কাছে কোনও ঘুষ চাননি। সমীরের আইনজীবী এদিন আদালতে জানান, ২০২৩ সালের মে মাসে, সিবিআই যে আবেদন করেছিল, তা খারিজ না করার আদৌ কোনও কারণ নেই। কারণ, এই অভিযোগের ভিত্তিতে যথাযথ কোনও প্রমাণ সিবিআইয়ের কাছে নেই। এনসিবি-র দেওয়া তথ্যের ভিত্তিতেই, ক্রুজ ‘কর্ডেলিয়া’-তে তল্লাশি চালানো হয়েছিল। গোটা প্রক্রিয়াই হয়েছিল আইন মেনে। আর আইন মেনেই, আরিয়ান সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
২০২৩ সালের ১১ মে, সিবিআইয়ের দায়ের করা FIR-এ সমীর ছাড়াও নাম রয়েছে দুই বেসরকারি ব্যক্তি এবং এক জন সরকারি অফিসারের। সেই অভিযোগে বলা হয়, শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন সমীর ও তাঁর সঙ্গীরা, যা পরবর্তীতে কমিয়ে ১৮ কোটি টাকা করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগে, শাহরুখের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সমীর। আরিয়ান খানের নতুন কাজ, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ নিয়ে আপত্তি জানিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। তাঁর দাবি ছিল, খুব পরিকল্পিতভাবে, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই সিরিজ তৈরি করা হয়েছে। এই মর্মে তিনি আদালতে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। শাহরুখ খান ও আরিয়ান খানের নামে মামলা পর্যন্ত করেছিলেন তিনি। তবে সেই মামলা দিল্লি আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এদিন, বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই মামলা সম্পর্কে বলেছেন, এই মামলাটি শুনানির উপযুক্ত জায়গা এই দিল্লি হাই কোর্ট নয়। আদালতের তরফ থেকে আবেদনটি ফেরত দিয়ে বলা হয়েছে, মামলাটি গ্রহণের এক্তিয়ার তাদের নেই। এদিন বিচারপতি আরও বলেন, ‘উপযুক্ত আদালতে যাওয়ার জন্য অভিযোগকারীর কাছে আবেদনটি ফেরত পাঠানো হচ্ছে। তাঁর যাবতীয় আবেদন খারিজ করা হল।’
(Feed Source: abplive.com)
