
কলকাতা: চলতি বছরই বাবাকে হারিয়েছেন। তবে এই একটি ঘটনা বাদ দিলে, তাঁর জীবনে চলতি বছরে অনেকগুলো খুশির খবর এসেছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে কেকেআরের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এবার ২২ গজের বাইরেও নতুন দায়িত্ব পেয়েছেন রিঙ্কু সিংহ তাঁকে উত্তরপ্রদেশ সরকারের ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’ হিসেবে নিযোগ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে সাফল্যের পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে রিঙ্কুকে।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভে ছিলেন। মূল দলে ছিলেন না। কিন্তু চলতি বছরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হল, তাতে মূল দলেই ছিলেন। প্রথম ম্য়াচ থেকেই খেলার সুযোগও এসেছিল। কিন্তু টুর্নামেন্টের মাঝেই ব্যক্তিগত জীবনে বড় আঘাত নেমে আসে রিঙ্কুর। বাবাকে হারাতে হয়। বাবার শেষকৃত্য সেরে এসে দলের সঙ্গে যোগও দিয়েছিলেন বাঁহাতি ব্যাটার। গতকাল ২৪ মার্চ কেকেআর তাঁদের অনুষ্ঠানের মধ্যে দিয়েই রিঙ্কুকে সহ অধিনায়ক নির্বাচিত করে। মিডল অর্ডারে ব্যাট হাতে দায়িত্ব আরও বাড়ল রিঙ্কুর। এমনকী দল পরিচালনাতেও রাহাকে সাহায্য করবেন। আপাতত আইপিএলে ব্যস্ত থাকায় উত্তরপ্রদেশ সরকারের দেওয়া চাকরিতে যোগ দিচ্ছেন না রিঙ্কু।
২০১৮ মরশুম থেকেই কেকেআরের সঙ্গে রয়েছেন রিঙ্কু। কিন্তু তাঁকে প্রথম দিকে একাদশে খেলানো হত না। তবে গত ২-৩টে মরশুমে দলের অন্য়তম প্রাণভোমরা হয়ে উঠেছেন বাঁহাতি ব্যাটার। জাতীয় দলেও নজরকাড়া পারফর্ম করেছেন। রিঙ্কুকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার পেছনে কারণ জিজ্ঞাসা করা হয়েছিল অভিষেক নায়ারকে। তিনি বলেন, ”আমি যখন কেকেআর দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছিলাম, তখন থেকে রিঙ্কুর সঙ্গে বন্ধুত্ব। ওকে খুব কাছ থেকে দেখেছি। অসাধারণ ব্যক্তিত্ব। ঠাণ্ডা মাথার ছেলে। বুদ্ধিমত দল চালনার ক্ষমতাও রাখে। আর দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছে। প্রত্যেকের সঙ্গে ভাল সম্পর্ক ওর। এই মুহূর্তে দলের অন্য়তম অভিজ্ঞ প্লেয়ারও রিঙ্কু। এই পরিস্থিতিতে ওই ছিল আমাদের কাছে সেরা বিকল্প।”
এদিকে, আন্দ্রে রাসেলের প্রতি বড় সিদ্ধান্ত নিল কেকেআর টিম ম্য়ানেজমেন্ট। আইপিএলের ১৯তম মরশুমের আগে কিংবদন্তি আন্দ্রে রাসেলের ১২ নম্বর জার্সিকে চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিল নাইট কর্তৃপক্ষ। আর কোনওদিন কোনও ক্রিকেটার কেকেআরের হয়ে ১২ নম্বর জার্সি পরে মাঠে নামবেন না। মঙ্গলবার, কেকেআরের এক অনুষ্ঠানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর রাসেলের হাতে এক ফ্রেমবন্দি ১২ নম্বর জার্সি তুলে দেওয়ার পরেই কেকেআরের তরফে জার্সি অবসরের কথা জানিয়ে দেওয়া হয়। আবেগঘন হয়ে পড়েন রাসেল।
(Feed Source: abplive.com)
