বিচ্ছেদ নাকি সবই লোক দেখানো? অভিনেত্রী স্ত্রী নতুন ব্যবসা শুরু করতেই হাজির প্রাক্তন স্বামী!

বিচ্ছেদ নাকি সবই লোক দেখানো? অভিনেত্রী স্ত্রী নতুন ব্যবসা শুরু করতেই হাজির প্রাক্তন স্বামী!

কলকাতা: তাঁদের সম্পর্ক সত্যিই বোঝা দায়! কখনও তাঁরা সোশ্যাল মিডিয়াতেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, বিচ্ছেদের মামলা করে চলে যান আদালতে। কখনও আবার একে অপরের পাশে থাকছেন। উৎসবে আর অনুষ্ঠানে মিষ্টি হেসে দিব্যি রয়ে যাচ্ছেন এক ফ্রেমে। শুধু স্বামী আর স্ত্রী নন, সঙ্গে থাকছেন শাশুড়ি ও! স্বামী স্ত্রীর এই সম্পর্ক দেখে নেটদুনিয়া বলছে.. তাঁদের সমীকরণ তো বোঝাই দায়!

কথা হচ্ছে, অভিনেতা রাজীব সেন (Rajeev Sen) আর অভিনেত্রী অশোপা চারু (Ashopa Charu)-কে নিয়ে। সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীবের সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় অশোপা চারুর। অভিনয় করতে গিয়েই তাঁদের আলাপ, সেখান থেকে প্রেম। একটা সময়ে, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি শেয়ার করে বিতর্কেও জড়িয়েছিলেন তাঁরা। মোটের ওপর, তাঁদের সমীকরণ ছিল নজরকাড়া। তবে কয়েক বছর যেতে না যেতেই ছন্দপতন। চারু আর রাজীবের বিচ্ছেদের খবর ভাসতে থাকে হাওয়ায়। ইতিমধ্যেই তাঁদের পরিবারে আসে, ছোট্ট জিয়ানা।

পরিবারে কন্যা আসার পরে, রাজীব আর চারু অনেকবারই নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করেছেন। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পরেও পিছিয়ে এসেছেন সেখান থেকে। ফের একসঙ্গে থাকতে শুরু করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ বিশেষ দিনে শেয়ার করে নিয়েছেন ছবি ও। একসঙ্গে বিদেশ সফরেও গিয়েছেন তাঁরা। তবে ২০২৫ সালে চারু জানিয়ে দেন, তিনি ও রাজীব দীর্ঘদিন থেকেই মুম্বইতে আলাদা থাকছেন। রাজীব তাঁর কোনওরকম খরচের ভারবহন করতে প্রস্তুত নন। ফলে মেয়েকে নিয়ে মুম্বইতে একা থাকা বেশ কঠিন হয়ে পড়ছে চারুর পক্ষে। তিনি কাজে বেরলে মেয়েকে দেখার কেই থাকে না। সমস্ত কারণ বিবেচনা করে তাই তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ি, বিকানেরে চলে এসেছেন তিনি।

অশোপা চারু আগেই জানিয়েছিলেন, তিনি যদি মুম্বইতে কিছু ভাল অফার পান, তাহলে চলে যাবেন। তবে সেটা যতদিন না পাচ্ছেন, মেয়েকে নিয়ে বিকানেরেই থাকবেন তিনি। জীবিকা নির্বাহ করতে চারু প্রথমে অনলাইনে পোশাক বিক্রি শুরু করেছিলেন। আর এবার তিনি বিকানেরেই ‘চারু’জ ক্লজেট’ বলে একটি পোশাকের দোকান খুলেছেন। চারুর নতুন এই কাজকে শুভেচ্ছা জানাতে, বিকানেরে মা’কে নিয়ে পৌঁছে গিয়েছিলেন রাজীব। সোশ্যাল মিডিয়ায় চারুর সঙ্গে ছবি আপলোড করে তিনি চারুকে নতুন সফরের জন্য শুভেচ্ছা ও জানান। অন্যদিকে চারু ও রাজীবের সঙ্গে একগুচ্ছ ছবি আপলোড করে নিয়ে তাঁদের ধন্যবাদ জানান।

আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, যদি সম্পর্কে এতই দূরত্ব থাকে, তাহলে একে অপরের সঙ্গে তাঁরা এত স্বাভাবিকভাবে রয়েছে কীভাবে? সত্যিই তাঁদের সম্পর্ক বোঝা দায়।

(Feed Source: abplive.com)