Tollywood Ban Culture: ‘ব্যান’ কালচারই এবার নিষিদ্ধ হোক, টলিউড বাঁচাতে বুম্বাদার সঙ্গে একজোট হয়ে লড়াই দেবের

Tollywood Ban Culture: ‘ব্যান’ কালচারই এবার নিষিদ্ধ হোক, টলিউড বাঁচাতে বুম্বাদার সঙ্গে একজোট হয়ে লড়াই দেবের

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: টলিউড থেকে ‘নিষিদ্ধ করার সংস্কৃতি’ বা ‘ব্যান কালচার’ চিরতরে মুছে ফেলার ডাক দিলেন অভিনেতা-প্রযোজক ও সাংসদ দেব। বৃহস্পতিবার ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের পর এক সাংবাদিক সম্মেলনে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। দেবের সাফ কথা, ‘প্রেসিডেন্টের কাজ সমস্যার সমাধান করা, ইগো বাড়ানো বা আন্দোলন করা নয়।’

দীর্ঘ দেড় বছর পর টলিউডে ব্রাত্য থাকা পরিচালক ও শিল্পীদের ওপর থেকে জট কাটতে শুরু করেছে। দেবের আল্টিমেটামের ৩৬ ঘণ্টার মধ্যেই ‘ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ (DAEI) ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেব প্রশ্ন তোলেন, ‘যেটা ৩৬ ঘণ্টায় সম্ভব হলো, সেটা দেড় বছরে কেন হলো না? আমি কাউকে ছোট করছি না, কিন্তু বুঝতে হবে ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। কাজ কমছে, সিরিয়াল বন্ধ হচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা যদি নিজেরাই নিজেদের ব্যান করি, তবে কাজ বাড়বে কী করে?’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টলিউডকে এক করে দিয়ে গিয়েছে বলে মনে করেন দেব। তাঁর কথায়, ‘রাহুল আমাদের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল কী কাম্য আর কী নয়। আজ যারা ব্যান হয়ে আছে, তাদের মধ্যে কেউ যদি আত্মহত্যা করত, তবে সেই দায় কে নিত?’ একজন প্রযোজক হিসেবে দেব মনে করিয়ে দেন যে, ইন্ডাস্ট্রিতে লগ্নিকারী নিয়ে আসা কতটা কঠিন। সেখানে কোনো পরিচালক বা শিল্পীকে ব্যান করে কাজ বন্ধ করা আসলে শিল্পেরই ক্ষতি।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ‘চিঠি পাননি’ মন্তব্যের প্রেক্ষিতে দেব সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ‘আমি অফিশিয়াল মেইল পোস্ট করেছি। আমি সরাসরি স্বরূপ বিশ্বাসকে বলছি, আপনি যদি এগিয়ে না আসেন তবে বাংলা দেখছে যে এটা অন্যায় হচ্ছে। আপনার হাতে ক্ষমতা আছে মানেই আপনি কাউকে ব্যান করতে পারেন না। প্রেসিডেন্টের কাজ সমস্যার সমাধান করা।’

দেব আরও জানান যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিরন্তর কথা হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে একটি সুস্থ, ভয়মুক্ত পরিবেশ গড়তে তিনি বদ্ধপরিকর। তাঁর চূড়ান্ত বার্তা— ‘যার যোগ্যতা আছে তার কাজ করার অধিকার আছে। কারোর যোগ্যতাকে ছিনিয়ে নেওয়া যায় না। এই ব্যান কালচার যারা আনছে, তাদেরই এবার ব্যান করার সময় এসেছে।’

(Feed Source: zeenews.com)